দাদা সৌরভকেই দেশের সেরা অধিনায়ক বললেন প্রাক্তন অল-রাউন্ডার
দাদা সৌরভকেই দেশের সেরা অধিনায়ক বললেন প্রাক্তন অল-রাউন্ডার
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেশের সেরা অধিনায়ক বললেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। নিজের দাবির স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পিছনে মহারাজের পরোক্ষ অবদান রয়েছে বলে মনে করেন পাঠান।

কেন সেরা সৌরভ
দেশকে ২০০৭-এর টি-টোয়েন্টি, ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনির থেকে অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এগিয়ে রেখেছেন প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। দেশের যুব এবং তরুণ ক্রিকেটাররা মহারাজের কাছ থেকে যে সহযোগিতা এবং সমর্থন পেয়েছেন, অন্য কোনও নেতা তা করে দেখাতে পারেননি বলে মনে করেন পাঠান।

সৌরভের একটাই অ্যাজেন্ডা
ইরফান পাঠান বলেছেন, কেরিয়ারের একটা সময় বারবার ব্যর্থ হচ্ছিলেন যুবরাজ সিং। একের পর এক ম্যাচ থেকে খালি হাতে ফিরতে হচ্ছিল যুবিকে। তা সত্ত্বেও সৌরভ, পাঞ্জাব তনয়কে একের পর এক ম্যাচ খেলিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন দেশের প্রাক্তন অল রাউন্ডার। যুবরাজের মধ্যে ম্যাচ উইনার হওয়ার সব প্রতিভা দাদা লক্ষ্য করেছিলেন বলে মনে করেন পাঠান। বলেছেন, বীরেন্দ্র শেহওয়াগ, জাহির খান, হরভজন সিং-দের ক্ষেত্রেও একই সমীকরণ ব্যবহার করেছিলেন। যুব তারকাদের সমর্থন করাই সৌরভের একমাত্র অ্যাজেন্ডা ছিল বলে মনে করেন পাঠান।

ক্রিকেটকে ভালোবাসতে শিখিয়েছিলেন সৌরভ
২০০০-এর ম্যাচ ফিক্সিং কাণ্ডের পর ক্রিকেটের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ভারতীয় দর্শককুল। তাঁদের ফের ক্রিকেটমুখী করার কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দিয়েছেন ইরফান পাঠান।

সৌরভের নেতৃত্বেই সুযোগ পাঠানের
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া ইরফান পাঠানকে ২০০৩ সালে ভারতীয় দলে সুযোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই। এরপর মহারাজের নেতৃত্বে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাঠান। ৪৯টি ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে। অধিনায়ক এমএস ধোনির অধীনে ৬৮টি ম্যাচ খেলেছেন দেশের প্রাক্তন অল-রাউন্ডার।












Click it and Unblock the Notifications