ভারতের টি২০ বিশ্বকাপ দলে দিল্লি ক্যাপিটালসের ২ জনের জায়গা পাকা! কাদের নিয়ে আত্মবিশ্বাসী সৌরভ?
Sourav On T20 World Cup: চলতি মাসেই ভারতের টি২০ বিশ্বকাপ দল ঘোষণার কথা। ২৮ বা ২৯ এপ্রিল অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়দের সঙ্গে কথা বলতে পারেন নির্বাচকরা।
দল নির্বাচনে আইপিএলের পারফরম্যান্স গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। তবে খুব বড়সড় চমক থাকার সম্ভাবনা কম। দিল্লি ক্যাপিটালসের ২ ক্রিকেটার এই দলে জায়গা পাবেন বলে নিশ্চিত ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি রোহিত শর্মার দলে দেখতে পাচ্ছেন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। চলতি আইপিএলে অক্ষরের স্ট্রাইক রেট ৭.০৬। ব্যাটিং অর্ডারের উপরে এসে কার্যকরী ইনিংস খেলছেন। গুজরাত টাইটান্স ম্যাচেই ৪৩ বলে ৬৬ করেছেন।
সৌরভের কথায়, অক্ষর ও পন্থ নিশ্চিতভাবেই ভারতের বিশ্বকাপ দলে থাকবেন বলে আমার মনে হয়। টি২০ ক্রিকেট এখন যেখানে রয়েছে তাতে রোহিত আট নম্বরে এমন কাউকে চাইবেন যিনি ১৫-২০ রান দ্রুত তুলে দিতে পারেন। অক্ষর সহজেই তা করতে পারদর্শী।
স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করতে অক্ষরের দক্ষতার কথাও উল্লেখ করেছেন সৌরভ। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের মতো প্রতিভাবান ক্রিকেটারদের দলে রাখার অ্যাডভান্টেজ রয়েছে বলে উপলব্ধি মহারাজের। অক্ষরের ব্যাটিংয়ের উন্নতির ক্ষেত্রে সৌরভেরও অনেক অবদান রয়েছে।
সৌরভ বলেন, বল মারার ক্ষমতা থাকতে হবে। টি২০ ক্রিকেটে টেকনিকের চেয়েও বেসিকস গুরুত্বপূর্ণ। টেস্টেও অক্ষর চাপের মুখে ঘূর্ণি উইকেটে রান পেয়েছেন। টি২০ ক্রিকেটে থিতু হতে সময় বেশি পাওয়া যায় না। কিন্তু অক্ষরকে ব্যাটিং অর্ডারে উপরে আনা হলে তিনি অল্প সময় নিয়েই বল হিট করতে থাকেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবেতেই ভালো অক্ষর। টি২০-তে ব্যাট করতে পারদর্শী, গিফটেড ক্রিকেটার।
আইপিএলেই পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে ঋষভ পন্থের। উইকেটকিপিংয়ের পাশাপাশি যেভাবে ব্যাটিং করছেন তা চমকপ্রদ। টি২০ বিশ্বকাপ দলে থাকার জোরালো দাবিদার। পন্থের সঙ্গে উইকেটকিপারের দৌড়ে রয়েছেন ঈশান কিষাণ, দীনেশ কার্তিক, সঞ্জু স্যামসনও।
সৌরভ নিশ্চিত পন্থের থাকা নিয়ে। তিনি বলেন, আমি পন্থ ও সঞ্জু দুজনকেই ভালোবাসি। পন্থ টি২০ বিশ্বকাপের দলে থাকবেনই। সঞ্জুও যেতে পারেন, বলছি না তাঁর সুযোগ পাওয়া উচিত নয়। তিনিও ভালো ক্রিকেটার, কিপিং করেন, ব্যাটিং করেন, রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন। ফলে নির্বাচকরা চাইলে দুজনকেই বিশ্বকাপের দলে রাখা যেতে পারে।












Click it and Unblock the Notifications