Sourav Ganguly's Birthday: জীবনের ২২ গজে দাদা ৫২, প্রবাসে মধ্যরাতেই শুরু সৌরভের জন্মদিন সেলিব্রেশন
ক্যালেন্ডারের পাতায় সোমবার ৮ জুলাই। বাঙালির কাছে দিনটা অত্যন্ত আবেগের। বঙ্গ সমাজের অন্যতম আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি আগেই পূর্ণ করেছেন। সোমবার দাদার ৫২তম জন্মদিন। বাঙালির দাদাগিরি দিবস।
৭ জুলাই মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। পর পর দুইদিন ভারতের দুই সেরা ক্রিকেট অধিনায়কের জন্মদিন। কিন্তু জন্মদিনে কলকাতায় নেই মহারাজ। জীবননের ৫২তম জন্মদিনটা লন্ডনেই কাটাচ্ছেন প্রিন্স অফ ক্যালকাটা। ৩ জুলাই কলকাতা ছেড়ে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সৌরভ। কয়েকদিন আগেই লন্ডনে পাড়ি দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

রবিবার মধ্যরাত থেকেই দাদার জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে অবশ্য লন্ডনেই। নিজের বাড়িতে রাত ১২টা বাজার ঠিক পরেই কেক কাটেন মহারাজ। স্ত্রী ডোনা সৌরভের কেক কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মহারাজ নিজেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-র সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দাদা লিখেছেন, আরও এক বছর বয়স কমার দিনটি লন্ডনে উদযাপন করছি।'
বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। অফুরন্ত প্রাণশক্তিতে বলীয়ান দাদা খেলা ছাড়ার ১৪ বছর পরও বঙ্গ সমাজের এক নম্বর আইকন। বয়স যত বাড়ছে ততই বাড়ছে ব্যস্ততা। কলকাতায় থাকলে দিনভর থাকে ঠাসা ক্রীড়াসূচি। আপাতত ক্রিকেট প্রশাসন থেকে দূরে থাকলেও নিজের কাজের জগতেই মেতে থাকেন মহারাজ।
দাদা শুধু বাংলারই ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। গত বছরের মে মাসে বিজেপি শাসিত ত্রিপুরায় পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে তাঁকে। সম্প্রতি ত্রিপুরার পর্যটনের প্রসারে একটি তথ্যচিত্রেও অংশ নেন। কিন্তু সক্রিয় রাজনীতি থেকে বরাবরাই দূরে থেকেছেন দাদা। এমনকি নিজের মুখেই বার বার অস্বীকার করেছেন রাজনীতির যোগদানের প্রসঙ্গ।সৌরভের চিত্রনাট্য স্বয়ং ঈশ্বরই লেখেন, জীবেন বার বার চমক দিয়েছেন।
এতদিন ক্রিকেটার, অধিনায়ক, প্রশাসক, সঞ্চালক একাধিক ভূমিকাতে দেখা গিয়েছে দাদাকে। আগামী নতুন অবতারে দেখা যাবে প্রিয় দাদাকে? জন্মদিনে সৌরভ ভক্তরা রইলেন প্রত্যাশায়।












Click it and Unblock the Notifications