তাঁর চরিত্রে অভিনয়ের জন্য কোন কাজটা করতেই হবে হৃত্বিককে, বলে দিলেন সৌরভ
তাঁর চরিত্রে অভিনয়ের জন্য এই কাজটা করতেই হবে হৃত্বিককে, মনে করেন সৌরভ
তাঁর বায়োপিকে অনায়াসে অভিনয় করতে পারেন সুপারস্টার হৃত্বিক রোশন। তবে সেক্ষেত্রে একটা শর্তও দিয়ে রাখলেন বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে কথোপকথনে এই ইস্যুতে মজাদার মন্তব্য করেছেন দাদা।

এক শর্তে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন হৃত্বিক
নিজের বায়োপিকে নায়ক হিসেবে কাকে দেখতে চান, তা আগেই অবশ্য জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও পরে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছিলেন দাদা। এই ইস্যুতে চুপ ছিলেন হৃত্বিক নিজেও। তবু সেই প্রসঙ্গই আরও একবার উত্থাপন করলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সৌরভের কাছ থেকে মজাদার উত্তরও পেলেন বলিউড দিভা। রসিক দাদা বললেন, তাঁর চরিত্রে অভিনয়ের জন্য তাঁর মতো চেহারা বানাতে হবে হৃত্বিককে।

সৌরভ বনাম হৃত্বিক
সাদামাটা চেহারার সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে হৃত্বিক রোশন যে গ্ল্যামারের দিক থেকে অনেক এগিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউড অভিনেতার মতো সিক্স প্যাক নেই দেশের প্রাক্তন অধিনায়কের শরীরে। তবু সৌরভ নামটাই যে যথেষ্ট, তা মজা করে হলেও আরও একবার বুঝিয়ে দিলেন মহারাজ। বুঝিয়ে দিলেন, তাঁর চরিত্রে অভিনয়ের জন্য তাঁর মতোই হতে হবে অভিনেতাকে।

সৌরভের বায়োপিক কি হবে?
শোনা যায়, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে চেয়েছিলেন। অভিনেতার রহস্যজনক মৃত্যুর তদন্তেও উঠে এসেছে সেই তথ্য। বলিউডের অন্যতম সফল পরিচালক তথা প্রযোজক করণ জোহরও নাকি বিসিসিআই সভাপতিকে নিয়ে সিনেমা বানানোর কথা ভেবেছিলেন বলে শোনা যায়।

ইতিমধ্যে যাদের বায়োপিক সফল
ভারতের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বক্স অফিসে সাড়া ফেলেছে। ওই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের জীবনী নিয়ে তৈরি ডকুমেন্টারি ফিচারও সাড়া ফেলেছে দেশে। সিলভার স্ক্রিনে দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন ইমরান হাসমি।












Click it and Unblock the Notifications