করোনায় ধাক্কায় আইপিএল বাতিলে আর্থিক ক্ষতির প্রাথমিক খসড়া দিলেন সৌরভ
করোনায় ধাক্কায় আইপিএল বাতিলে ক্ষতির প্রাথমিক খসড়া দিলেন সৌরভ
করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল ২০২১। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি কবে অনুষ্ঠিত হবে কিংবা আদৌ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে খুব একটা আলোকপাত করতে পারলেন না খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ই। কেবল জানালেন যে টুর্নামেন্ট না হলে কত ক্ষতি গুনতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কত টাকা ক্ষতি
এর আগে বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছিল করোনার জেরে আইপিএল ২০২১ স্থগিত হওয়ার কারণে বোর্ডের ২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ইস্যুতে নানা মুনির নানা মতের মধ্যেই মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, কোনও ভাবে আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলি আয়োজন করা না গেলে বিসিসিআইয়ের ক্ষতি হবে ২৫০০ কোটি টাকা। যদিও তা প্রাথমিক হিসেব বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন মহারাজ।

বিশ্বকাপের আগে করানো যায় কিনা দেখছে বিসিসিআই
আগামী অক্টোবরে টি২০ বিশ্বকাপে অংশ নেবে বিশ্বের তাবড় দেশগুলি। তার আগে ঠাঁসা আন্তর্জাতিক ক্রিকেট সূচির ভিড়ে থমকে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করার জায়গা খুঁজতে গিয়ে রীতিমতো মাথা ঘামাতে হচ্ছে বিসিসিআই-কে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটা ছোট্ট জানলা খোলা পেলেও পেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সময়টিকেই তাঁরা পাখির চোখ করছেন বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআই কোনও ভুল করেনি
করোনা ভাইরাসের আবহে দেশে আইপিএল আয়োজন করে বিসিসিআই কোনও ভুল করেনি বলে সাফ জানিয়ে দিয়েছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, যখন টুর্নামেন্ট শুরু হয়েছিল, তখন দেশে কোভিড ১৯ সংক্রমণের হার অনেকটাই কম ছিল। তাই তো দেশের মাটিতেই ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট, টি২০ ও ওয়ান ডে সিরিজও সফলভাবে আয়োজন করা গিয়েছে বলে জানিয়েছেন সৌরভ।

আমিরশাহী নিয়ে ভাবনাচিন্তা হয়েছিল
করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে আইপিএল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে যাওয়া নিয়ে যে বিসিসিআইয়ের অন্দরে আলোচনা হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু যেহেতু গত ফেব্রুয়ারি এবং মার্চে দেশে কোভিড ১৯-এর সংক্রমণ ততটাও লাগামছাড়া হয়নি, তাই এই ভাবনায় ছেদ টানা হয়েছিল বলে জানিয়েছেন মহারাজ। তার কথায়, দেশে অতিমারীর বাড়াবাড়ি গত তিন সপ্তাহের মধ্যে সর্বাধিক পরিলক্ষিত হয়েছে। তার আগে সবকিছু নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন সৌরভ।












Click it and Unblock the Notifications