বিশ্বজয়ী নায়করা কার হাতে তৈরি, মনে করালেন 'দাদা' সৌরভ, দিলেন পরম্পরায় জোর
২০১১-এর নায়করা কার হাতে তৈরি, স্মরণ করালেন 'দাদা' সৌরভ, পরম্পরায় জোর
২০০০ সালে, যখন তাঁর হাতে টিম ইন্ডিয়ার ব্যাটন তুলে দেওয়া হয়েছিল, তখন এক দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছিল ভারতীয় ক্রিকেট। সেখান থেকে দলকে টেনে তোলাই শুধু নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এমন এক স্তরে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া, যা নিয়ে ক্রিকেট প্রেমীদের গর্বের শেষ নেই। সচরাচর নিজের কৃতিত্ব নিয়ে সরব হন না বিসিসিআই সভাপতি। তবে এবার তিনি মুখ খুলেই ফেললেন। কী বললেন মহারাজ।

অধিনায়ক সৌরভের কেরিয়ার
২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে।

অধিনায়ক সৌরভের সফলতা
অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করাতে বাধ্য করেছিল সৌরভ ব্রিগেড। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারানো প্রথম ভারতীয় অধিনায়কের নামও সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভে মুগ্ধ বিশ্ব
কিংবদন্তি স্টিভ ওয়া থেকে রিকি পন্টিং, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন থেকে শ্রীলঙ্কার গ্রেট সাঙ্গাকারা, নেতা সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্বের রথি-মহারথিরা। মহারাজের হাত ধরেই যে স্বাবলম্বী হয়েছিল ভারতীয় ক্রিকেট, তা মেনে নিয়েছেন প্রত্যেকে। বিদেশের মাটিতে ভারতকে সাফল্যের মুখ দেখিয়েছিলেন মহারাজ, তা মেনে নিয়েছে ক্রিকেট বিশ্ব।

কী বললেন সৌরভ
২০০০ থেকে ২০০৫ পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট দলের মধ্যে তিনি লড়াই করার মানসিকতা আমদানি করতে পেরেছিলেন বলে দাবি করেছেন বিসিসিআই সভাপতি। তাঁর বক্তব্য, এমন এক দল তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন, যারা শুধু দেশ নয়, বরং বিশ্বের যে কোনও মাটিতে জেতার ক্ষমতা রাখে।

তাঁরই হাতে গড়া দল
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত, ২০১১ বিশ্বকাপ জয়ে বিশ্ব মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্ব দিলেও, এই সাফল্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। কমবেশি মহারাজের হাতে গড়া দলই ২৮ বছর পর দেশকে বিশ্ব খেতাব তুলে দেয় বলে অনেকের দাবি। তা যে অমূলক নয় এবং তিনি নিজেও যে সেটাই বিশ্বাস করেন, তা বোঝালেন বিসিসিআই সভাপতি। বলেছেন, ২০০৩ সালে যে তরুণ ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হেরে গিয়েছিল, সেই দলই পরিণত চেহারায় ২০১১-তে সাফল্য অর্জন করে। ওই বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা, এমনকী মহেন্দ্র সিং ধোনিও তাঁর আমলে ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন বলে জানাতে ভোলেননি 'দাদা'।

ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ২০০৭ সালে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্টে হারিয়েছিল টিম ইন্ডিয়া। দলের নেতা ছিলেন রাহুল দ্রাবিড়। যিনি তাঁরই পরম্পরাকে বহন করে নিয়ে গিয়েছেন বলে দাবি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।












Click it and Unblock the Notifications