ধোনির কত নম্বরে ব্যাট করা উচিত ছিল, জানিয়ে দিলেন সৌরভ
ধোনির কত নম্বরে ব্যাট করা উচিত ছিল, জানিয়ে দিলেন সৌরভ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ১০ দিন আগে। তবু মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনার শেষ নেই। এমএসের কৃতিত্ব চলছে সমান মহলে। চলবে বিশ্বে যতদিন বেঁচে থাকবে ক্রিকেট। ধোনি ক্যারিশমায় যে কতটা মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়, তা নিজেই বোঝালেন বিসিসিআই সভাপতি। ধোনির ফেলে আসা ব্যাটিং অর্ডার নিয়ে বিশেষ মন্তব্য করলেন মহারাজ।

ওপরে ব্যাট করতে পারতেন ধোনি
দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ভারতীয় ব্যাটিং অর্ডারের ওপরে নিয়মিত ব্যাট করা উচিত ছিল গ্রেট মহেন্দ্র সিং ধোনির। তাতে এমএসের কেরিয়ারে আরও আন্তর্জাতিক রান যোগ হত এবং ভারতীয় ক্রিকেট দল আরও সফল হত বলে বিশ্বাস বিসিসিআই সভাপতির।

চ্যালেঞ্জার ট্রফি স্মরণ
স্মৃতির সরণী ধরে হেঁটে ১৫ বছর আগে ফিরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছেন, ২০০৫ সালের চ্যালেঞ্জার ট্রফির তাঁর দলে (ইন্ডিয়া সিনিয়রস) খেলেছিলেন এমএস ধোনি। মুম্বইয়ে হওয়া এক ম্যাচে ইন্ডিয়া বি-র বিরুদ্ধে ওপেন করতে নেমে শতরান করেছিলেন মাহি। তখনই ধোনিকে জাতীয় দলেও ওপরে খেলানোর আংশিক সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছিলেন বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

পাকিস্তানে বিরুদ্ধে ৩-এ নেমে সাফল্য
২০০৪ সালের বাংলাদেশ সফরে ভারতীয় দলে সুযোগ পেলেও এই স্তরে সফল হতে বেশ কয়েকটা ম্যাচ নিয়ে ফেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনমের ওয়ান ডে ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মাহি।

সৌরভের সিদ্ধান্ত
প্রতিভাবান মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে রান বের করতে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ই তাঁকে মিডিল অর্ডার থেকে তুলে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিলেন। বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে ওই ওয়ান ডে-তে নিজে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মহারাজ। তিনি সেদিন ওই সিদ্ধান্ত না নিলে ধোনি নামক কিংবদন্তিকে নিয়ে গর্ব করার সুযোগই হয়তো পেতেন না ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

ক্রিকেটার চেনা যায় কীভাবে
সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ব্যাটসম্যানদের ওপরে ব্যাট করতে পাঠালে তবেই তাঁর প্রতিভা সঠিকভাবে যাচাই হয়। এই জায়গায় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয় বলে বক্তব্য মহারাজের।












Click it and Unblock the Notifications