সৌরভ কলকাতায় পুজো কাটিয়েই কোন বড় আসনে? লর্ডসে ঢুকে প্রথমেই কী মনে আসে?

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন রয়েছেন ইংল্যান্ডে। বার্মিংহ্যামে আইসিসির বার্ষিক কনফারেন্সে যোগ দিয়েছেন বিসিসিআই প্রধান হিসেবে। তাঁর কেরিয়ারের অনেকটা জুড়ে ইংল্যান্ড। আর সেখান থেকেই এবার প্রশস্ত হওয়ার মুখে সৌরভের আইসিসির শীর্ষপদে বসার পথ। সবকিছু ঠিকঠাক চললে নভেম্বরেই আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন মহারাজ। বিসিসিআই সভাপতি অবশ্য তার আগে দুর্গাপুজো কাটাবেন কলকাতাতেই।

আইসিসি চেয়ারম্যান

সৌরভ গঙ্গোপাধ্যায় ঝটিকা সফরে লন্ডন থেকে কলকাতায় এসেছিলেন। তার মধ্যেই করোনা আক্রান্ত হয়ে তাঁর মা নিরুপা গঙ্গোপাধ্যায় ভর্তি হন হাসপাতালে। মায়ের আরোগ্যের কথা জেনে জরুরি কিছু কাজ নিয়ে সৌরভ ফের ইংল্যান্ডে গিয়েছেন। যোগ দিয়েছেন আইসিসির বার্ষিক কনফারেন্স ও বোর্ড মিটিংয়ে। সৌরভ গত বছর আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানও হন। এবার তিনি হতে চলেছেন আইসিসির চেয়ারম্যান। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, শশাঙ্ক মনোহরের পর ভারতীয় হিসেবে সৌরভই হতে চলেছেন আইসিসি প্রধান। তিনি নিজে এ বিষয়ে মুখ না খুললেও সূত্রের খবর জানা যাচ্ছে, এশিয়ার দেশগুলির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সমর্থন সৌরভ এমনিতেই পাবেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গেও তাঁর সুসম্পর্ক। পিসিবিও সৌরভের বিরোধিতার পথে হাঁটবে না। একে রামিজ রাজার সঙ্গে সৌরভের সুসম্পর্ক। সর্বোপরি সৌরভের মতো ব্যক্তিত্বকে সকলেই চেয়ারম্যান হিসেবে দেখতে চান। ফলে পিসিবি বিরোধিতার পথে হাঁটলে বোকামিই করবে।

ফেভারিট দাদা

ফেভারিট দাদা

যাঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সমর্থন করতে ইতিমধ্যেই তৈরি তাঁরা মনে করছেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়কই এই আসনের যোগ্যতম ব্যক্তিত্ব। তাছাড়া ২০২৩ সালের বিশ্বকাপ রয়েছে ভারতের মাটিতে। বিশ্বকাপ যে দেশে হচ্ছে সেখানকার কেউ আইসিসির শীর্ষপদে থাকলে তার সুবিধাও রয়েছে। বোর্ড প্রশাসক হিসেবে সৌরভ যথেষ্টই সফল। বিসিসিআইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহকে যথাক্রমে সভাপতি ও সচিব হিসেবে থাকার সম্মতি যদি চলতি সপ্তাহে সুপ্রিম কোর্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে সৌরভ আইসিসিতে গেলে জয় শাহ বোর্ড সভাপতি হয়ে যাবেন। সৌরভ যদি আইসিসির শীর্ষপদে যান তাহলে শারদোৎসবের পর সেটাই হবে সবচেয়ে বড় ও গর্বের বিষয়।

বিলেতে দাদাগিরি

সৌরভ ইংল্যান্ডে এবার ৫০তম জন্মদিন কাটিয়েছেন। তাঁকে কখনও লন্ডন আইয়ের সামনে, কখনও টেমস নদীর ব্রিজে, কখনও বা নিজের আবাসনে তুমুল নাচতে দেখা গিয়েছে। ইংল্যান্ডে থাকলে সৌরভ অনেকটা সময় রাস্তায় হেঁটে বেড়ান। এবারও লন্ডনে পৌঁছে সেলফি পোস্ট করেছেন দাদা, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে সৌরভ যে ছবি তুলেছেন সেটি পোস্ট করেছেন মহারাজের সহধর্মিণী। ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, সানা (সৌরভ-ডোনার কন্যা) থাকলে সব সময়ই সময় ভালো কাটে। জন্মদিনও তাই এবার ভালো কেটেছে। এমনকী তুমুল নাচ যে সানার প্ল্যানেই সে কথাও জানান বোর্ড সভাপতি।

লর্ডসে যখন মহারাজ

লর্ডসে যখন মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডে গেলেই ঢুঁ মারেন লর্ডসে। এবারও গিয়েছিলেন নিজের অফিসের কর্মী, বন্ধুদের নিয়ে। সৌরভ ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, "সানা কোনওদিন লর্ডস দেখেনি। তাই দেখাতে নিয়ে গিয়েছিলাম।" লর্ডসে ঢুকলে প্রথমেই কী মনে পড়ে, অভিষেক টেস্টে শতরান নাকি ন্যাটওয়েস্ট জয়? সৌরভ কোনও একটিকে বেছে নেননি। তিনি বলেন, টেস্ট সেঞ্চুরি, ন্যাটওয়েস্ট ট্রফি জয় তো আছেই লর্ডসে বরাবর ভারত ভালো খেলে। ফলে অনেক ভালো স্মৃতিই রয়েছে সেখানে। সৌরভ নিজে অবশ্য অপর একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর প্রিয় কামব্যাক ছিল লর্ডসের টেস্ট শতরানই, দক্ষিণ আফ্রিকার কামব্যাকটি নয়। কারণ, লর্ডসে শতরানের আগে সবাই ভাবতেন এই ছেলেটা কিছুটা পারে না! ফলে সেই ধারণা ভাঙা জরুরি ছিল। কিন্তু পরে যখন দক্ষিণ আফ্রিকায় কামব্যাক করেন, ততদিনে সবাই জানতেন সৌরভ কী পারেন।

আগামীর প্ল্যান

সৌরভের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নার এবার পুজো ভাবনায় রেখেছে মহারাজের ৫০তম জন্মদিন। তবে বিষয়টি তিনি এখনও ততটা জানেন না বলেই দাবি করলেন সৌরভ। ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, আমি জানি না পুজোর থিম এবার কী? তবে পুজোতে কলকাতাতেই থাকব। তারপর অস্ট্রেলিয়ায় যাব টি ২০ বিশ্বকাপ দেখতে। ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ দেখতে কাতার যাওয়ার পরিকল্পনাও রয়েছে। টি ২০ বিশ্বকাপ ফাইনালের দিন ঘোষণা হতে পারে আইসিসি চেয়ারম্যানের নাম। ফাইনাল মেলবোর্নের এমসিজিতে। সেখানে সৌরভের ওয়ান ডে শতরান রয়েছে, ১০০তম টেস্ট খেলেছিলেন। সেই মেলবোর্নেই তাঁর মুকুটে যোগ হতে পারে নতুন পালক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+