Sourav On Wriddhiman: ঋদ্ধিমানকে প্রাপ্য সম্মান দিল না সিএবি, সিংহভাগ কর্তার উদাসীনতায় বিতর্ক! মুখ খুললেন সৌরভ

Sourav On Wriddhiman: বাংলার রঞ্জি অভিযান শেষ হতেই যবনিকা পড়েছে ঋদ্ধিমান সাহার ক্রিকেট কেরিয়ারে। তবে তা নিয়েও থেকে গিয়েছে বিতর্ক।

সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসের কটাক্ষের কারণেই অভিমানে বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়েছিলেন ঋদ্ধিমান। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথাতেই ঋদ্ধি অবসর নেওয়ার আগে বাংলায় ফেরেন। খেলেন রঞ্জিতেও।

Sourav On Wriddhiman

পাঞ্জাবের বিরুদ্ধে বাংলার ম্যাচ শেষ হয়ে যায় শনিবার, তৃতীয় দিন সকালেই। ঋদ্ধিমানকে খেলা শুরুর আগে সিএবি সংবর্ধিত করেছিল ঠিকই, কিন্তু সকলেরই মনে হয়েছে আরও জাঁকজমক সহকারে এই অনুষ্ঠান আয়োজন করাই যেত।

সৌরভ গঙ্গোপাধ্যায় ১১৩টি টেস্ট খেলেছেন। পঙ্কজ রায় খেলেছেন ৪৩টি। ঋদ্ধিমান সাহা থামলেন ৪০টি টেস্ট খেলে। আর কবে কোনও বাঙালি এতগুলি টেস্ট খেলতে পারবেন, তা বলা যাচ্ছে না। মহম্মদ শামি বাংলার হয়ে খেললেও তাঁর জন্ম উত্তরপ্রদেশে। এই পরিস্থিতিতে ঋদ্ধির আরও সম্মান পাওয়া উচিত ছিল বলেই সিংহভাগের অভিমত।

বাংলা-পাঞ্জাব ম্যাচের আগে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঋদ্ধিকে শাল, ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন। কেক কাটেন পাপালি। যদিও স্টেডিয়ামে দর্শক ছিল হাতেগোনা। সিএবি কর্তারাও ঘরোয়া ক্রিকেটে বাংলার ম্যাচ নিয়ে উদাসীনতার ধারা অব্যাহত রেখেছেন।

সিএবি সচিব নরেশ ওঝা সাংবাদিকদের ফোন ধরেন না, ক্রিকেট মাঠেও দেখা যায় না। তিনি নাকি প্রচণ্ড ব্যস্ত। যে দেবব্রত দাসের কথায় ক্ষুব্ধ হয়ে ঋদ্ধিকে বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়ে খেলতে হয়েছিল, সিএবির সেই যুগ্ন সচিব ঋদ্ধিমানের বিদায়ী ম্যাচের সময় বাংলাতেই নেই। তিনি মিশরে গিয়েছেন বেড়াতে। আর কোন মুখেই বা থাকবেন!

মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বিরাট কোহলিদের সংবর্ধিত করতে ইডেনে রাজকীয় আয়োজন হয়েছে। ঋদ্ধিমানের বিদায়ী ম্যাচ দেখার জন্য বাংলার বিভিন্ন ক্লাবের ক্রিকেটার, আকাদেমিগুলির উঠতি ক্রিকেটারদের এনেও তো মাঠ ভরানো যেত। অন্তত খালি মাঠে খেলে বিদায় নিতে হতো না বাংলার সর্বকালের সেরা উইকেটকিপারকে।

ঋদ্ধিমানকে বাংলায় ফিরিয়ে আনার নেপথ্যে সবচেয়ে বড় অবদান সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আন্তরিক ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রশ্ন, দায় কি শুধু তাঁদেরই! বাংলার ক্রিকেট নিয়ে যে কর্তাদের নাকি এত চিন্তা, তাঁরা কেউ একটি গোলাপ নিয়েও হাজির থাকলেন না ঋদ্ধির অবসর-ক্ষণে!

সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছেড়েছেন ঋদ্ধিমান। আবেগ তাঁকে কোনওদিনই গ্রাস করে না। কিন্তু বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থার এত কমিটি মেম্বার, আন্তর্জাতিক ম্যাচ হলে টিকিট সংগ্রহের জন্য যাঁরা ভিড় জমান, তাঁরা কোথায় দেশের হয়ে ৪০টি টেস্ট খেলা ঋদ্ধির শেষ ম্যাচ দেখতে?

সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে বাংলার ম্যাচ দেখতে হাজির থেকেছেন। উৎসাহিত করেছেন ঋদ্ধি-সহ বাংলার সকলকে। এখানেই মহারাজের সঙ্গে বাকিদের তফাত। হাতেগোনা কয়েকজন কমিটি মেম্বার ছিলেন। কিন্তু বাকিরা কোথায়? কেন তাঁরা এলেন না? প্রশ্ন উঠছে, বাড়ছে বিতর্ক।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বললেন, ঋদ্ধির কেরিয়ার অনবদ্য। আমাদের কথায় তিনি বাংলায় ফিরে অবসর নিলেন, এটাও খুব ভালো দিক। বাংলা-পাঞ্জাব ম্যাচটি তৃতীয় দিন সকালেই শেষ হয়ে যাবে, এটা বোধ হয় কেউ ভাবেননি। খেলা শেষ দিন অবধি গড়ালে হয়তো থাকতেন অনেকে। দেবব্রত দাস মিশরে। আমার মনে হয়, ঋদ্ধিকে যথাযোগ্য মর্যাদা দিতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবে সিএবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+