Sourav Ganguly: সিরিজ জেতা কঠিন হবে, তবে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ভারতের পেসাররাই, মত সৌরভের
Sourav Ganguly: কানপুরে ভারত কাল নামবে ২-০ ব্যবধানে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করতে। তাতে উজ্জ্বল হবে টানা তিনবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা।
এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ। তারপর পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত যাবে অস্ট্রেলিয়ায়। ওই সিরিজটিও খুব গুরুত্বপূর্ণ হবে ভারতের ICC WTC ফাইনাল খেলার ক্ষেত্রে।

ভারত এবার ডাউন আন্ডারে সিরিজ জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করতে যাবে। কেন না, ২০১৮-১৯ মরশুমে ভারত চার টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া থেকে ফিরেছিল। এরপর ২০২০-২১ মরশুমেও সিরিজে পিছিয়ে পড়ার পরও দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত সিরিজ জিতেছিল সেই একই ব্যবধানে।
অস্ট্রেলিয়া তাদের দেশের মাটিতে শেষবার ভারতকে হারিয়েছিল ২০১৪-১৫ মরশুমে। তারপর থেকে আজ অবধি দুই দেশের মধ্যে মোট চারটি সিরিজ হলেও সব কটিতেই জয়লাভ করে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রেখেছে ভারত। ১৯৯১-৯২ মরশুমের পর এই প্রথম ভারত ও অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ খেলবে।
দেশের মাটিতে বাংলাদেশের পর নিউজিল্যান্ডকেও টেস্ট সিরিজে হারাতেই পারে ভারত। বিশেষ করে কিউয়িরা যেভাবে শ্রীলঙ্কা সফরে পর্যুদস্ত হয়েছে। তবে অস্ট্রেলিয়ায় লড়াই হবে অন্যরকম। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার জন্য প্যাট কামিন্স ইংল্যান্ডে সাদা বলের সিরিজও খেলেননি। ফলে বোঝাই যাচ্ছে কতটা গুরুত্ব অজিরা দিচ্ছে নভেম্বর থেকে শুরু হতে চলা সিরিজকে।
আজ কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার চেয়ে কঠিন আর কিছু হতেই পারে না। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে হারানো ভয়ঙ্কর কঠিন। আমরা যখন খেলতাম, আমাদের টিম অন্যতম সেরা ছিল।
উল্লেখ্য, ২০০৩-০৪ মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র রেখে ফিরেছিল। সেবার ব্রিসবেনে প্রথম টেস্ট ড্র হয়। সৌরভ ১৪৪ করে ম্যাচের সেরা হয়েছিলেন। এরপর অ্যাডিলেড টেস্ট ৪ উইকেটে জিতেছিল ভারত।
মেলবোর্নে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল। সিডনিতে চতুর্থ টেস্টটি ড্র হয়ে গিয়েছিল। ফলে সিরিজে এগিয়ে গিয়েও শেষমেশ ড্র রেখে ফিরতে হয়েছিল সৌরভদের। সৌরভ অবশ্য এবার ভারতীয় দলের উপর আস্থা রাখছেন বিশেষ করে জোরে বোলারদের জন্য। সৌরভ মনে করেন, এখন ভারতীয় পেসাররা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি শক্তিশালী।












Click it and Unblock the Notifications