আইপিএলে ৫ বছর দাপট দেখাবেন ৬ ক্রিকেটার, কাদের কথা বললেন সৌরভ?
আইপিএলের ষোড়শ সংস্করণ শুরু আগামী মাসেই। সৌরভ গঙ্গোপাধ্যায় বেছে নিলেন ৬ ক্রিকেটারকে, যাঁরা আগামী ৫ বছর আইপিএলে দাপুটে পারফরম্যান্স উপহার দিতে পারেন।
আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায় এবার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে আসীন হয়েছেন। আইপিএলের এবার ষোড়শ সংস্করণ। ১৫ বছরের আইপিএলে সেরাদের বেছে নিয়েছে স্টার স্পোর্টস। সেই সংক্রান্ত এক অনুষ্ঠানে হাজির থেকে সৌরভ বেছে নিলেন সেই ৬ ক্রিকেটারকে, যাঁরা আগামী পাঁচ বছরে দাপট দেখাতে পারেন।

দাদার পছন্দ
স্টার স্পোর্টসের অনুষ্ঠানটিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সৌরভ। স্টুডিওয় উপস্থিত ছিলেন ভারতীয় দলে মহারাজের প্রাক্তন সতীর্থ হরভজন সিং। সূর্যকুমার যাদব আইপিএলে খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। সৌরভ তাঁর সঙ্গে যে পাঁচজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন তাঁদের মধ্যে দিল্লি ক্যাপিটালসের দুজন এবং চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের একজন করে ক্রিকেটার রয়েছেন। যদিও সৌরভের পন্দের তালিকায় ঠাঁই হয়নি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন, মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ ও কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়স আইয়ারের।

তালিকার শীর্ষে সূর্য
সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল ৫ জন তরুণ ক্রিকেটারের নাম। কিন্তু সৌরভ তরুণ ক্রিকেটারদের সঙ্গে বেছে নিলেন সূর্যকুমার যাদবকে। এমনকী নিজের পছন্দের তালিকার শীর্ষে তিনি রাখতে চান সূর্যকে। যদিও তিনি বললেন, সূর্যকে এখন আর সে অর্থে তরুণ বলা যায় না। যদিও টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ব্যাটারের ভবিষ্যৎ নিয়েও দারুণ আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক।

কাদের বেছে নিলেন মহারাজ?
সঞ্চালকের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, আমি আমার তালিকার শীর্ষে রাখব সূর্যকে। তরুণ ক্রিকেটারদের মধ্যে টি ২০ ফরম্যাটে পৃথ্বী শ দারুণ প্রতিভাবান ব্যাটার। সেই সঙ্গে ঋষভ পন্থকেও রাখব, তাঁর বয়সও বেশি নয়। ইতিমধ্যেই তিনি বিশ্ব ক্রিকেটকে শাসন করার ক্ষমতা দেখিয়েছেন। ঋতুরাজ গায়কোয়াড় কেমন খেলেন সেদিকেও নজর রাখব। তরুণ ব্যাটারদের মধ্যে এই তিনজন। উমরান মালিক যে গতিতে বল করেন তা ধারাবাহিকভাবে চালিয়ে গিয়ে ফ্যানেদের ক্রিকেটের প্রতি যদি আকৃষ্ট করতে পারেন এবং সর্বোপরি ফিট থাকেন তাহলে তিনিও পাঁচ বছরে দাপট দেখাবেন বলে আশাবাদী সৌরভ।

শুভমানের প্রশংসা
সৌরভের বক্তব্যের ফাঁকে হরভজন বলেন, দাদা শুভমান গিল সম্পর্কে মতামত কী? তখন সৌরভ বলেন, এই নামটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। অবশ্যই শুভমান আমার তালিকায় থাকবেন। তালিকার পঞ্চম প্লেয়ার হিসেবে গিলকে রাখছি। ফলে আমার পছন্দের ক্রিকেটাররা হলেন পৃথ্বী শ, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব (তিনি আমার তালিকার শীর্ষে থাকবেন), ঋতুরাজ গায়কোয়াড়, উমরান মালিক ও শুভমান গিল। উল্লেখ্য, চলতি বছর শুভমান দারুণ ছন্দে রয়েছেন। ১২টি সাদা বলের ম্যাচে চারটি শতরান ও একটি অর্ধশতরান হাঁকিয়েছেন।
The countdown to the Indian Premier League is on, and #SouravGanguly has revealed his favourite young guns who will make the #TataIPL bigger and better! 🏏
— Star Sports (@StarSportsIndia) February 24, 2023
Who makes it to your list this year? 🤔#IncredibleAwards #IPLonStar pic.twitter.com/k786PYRGwc












Click it and Unblock the Notifications