হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৌরভের, বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন?
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখার আশ্বাস।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন সৌরভের স্ত্রী তথা বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সৌজন্য সাক্ষাতেও ক্রিকেট থেকে রাজনীতির বিষয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। ঢাকার পরিকাঠামো উন্নয়নেরও প্রশংসা করেছেন সৌরভ।

বাংলাদেশের উন্নতিতে খুশি সৌরভ
এরপর আজ বিসিসি-র পরিচালক ইফতেখার আহমেদের বাসভবনে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মহারাজ। তাঁকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে তিনি কী করবেন? সৌরভ সম্ভাবনার কথা উড়িয়ে না দিয়ে বলেন, আমি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে রয়েছি। দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগের সঙ্গেও যুক্ত। ব্যস্ততা রয়েছে। তবে প্রস্তাব পেলে ভেবে দেখব। বিসিবি সভাপতি পাপনের সঙ্গে দীর্ঘ সময় ধরে সুসম্পর্কের কথাও উল্লেখ করেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।
(ছবি- সৌরভ গঙ্গোপাধ্যায় অফিসিয়াল ফেসবুক)

ইংল্যান্ডকে হারাতে পারবে টাইগাররা?
সৌরভ আরও বলেন, আমি বাংলাদেশের খবর রাখি। বাংলাদেশের খেলা দেখি। বাংলাদেশের উন্নতি সব সময়ই ভালো লাগে। বাংলাদেশ খুব ভালো দল। ৬-৭ বছর আগে বাংলাদেশে ভারত এসেছিল, সেবার সিরিজ জেতে বাংলাদেশ। ইংল্যান্ড এখন বাংলাদেশে এসেছে। পাপন ভাই বলছিলেন, আমরা সবাইকে হারিয়েছি, কিন্তু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বলেছি, ঠিকমতো খেললে ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।

বিশ্বকাপে সম্ভাবনা
সৌরভ মনে করেন, বাংলাদেশের ৫০ ওভারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে পৌঁছনোর ক্ষমতা রয়েছে। স্পিনার ও পেসারদের ভালো ফর্ম এ জন্য জরুরি। ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ। সেখান থেকে প্রচুর প্রতিভা বেরিয়ে আসেন, যা দেখার মতো। বোলিং-ব্যাটিংয়ে শাকিবের মতো অলরাউন্ডার রয়েছেন। মুশফিকুর রয়েছেন। নাজমুল হোসেন শান্ত ভালো খেলছেন। সবচেয়ে ভালো লাগে, বাংলাদশের স্টেডিয়াম সব সময় দর্শকে ভর্তি থাকে।
শাকিব-মুস্তাফিজুরদের প্রশংসা
আইপিএলের সৌরভের দিল্লি ক্যাপিটালসে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এ ছাড়া শাকিব ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। সৌরভ বলেন, মুস্তাফিজুর আমাদের। শাকিব বহুবার কেকেআরে খেলেছেন। আইপিএল-জয়ী দলেরও সদস্য। সানরাইজার্স হায়দাবাদ ২-১৬ সালে আইপিএল খেতাব জিতেছিল। সেই দলে ছিলেন মুস্তাফিজুর। বাংলাদেশে এত প্রতিভা, তাঁরা যখন বাইরের দেশে যান সেখানেও পারফরম্যান্স করেন। সৌরভ গতকাল একটি বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রস কাপের সূচনা করেন। সৌরভের আমন্ত্রণে ২০১৯ সালে ইডেনে ভারত-বাংলাদেশ গোলাপি বলের টেস্টে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। সৌরভ গতকাল বলেন, একজন প্রধানমন্ত্রী বলছেন আমি সারাদিন খেলা দেখব, হোটেলে যাব না, এটা ভাবাই যায় না।












Click it and Unblock the Notifications