Sourav Ganguly Exclusive: আট ম্যাচ অপরাজিত, অনবদ্য ভারতীয় দলকে প্রধান কর্তব্য মনে করিয়ে দিলেন সৌরভ
বিশ্বকাপে টানা আট ম্যাচ অপরাজিত ভারত। ১২ বছর পর ঘরের মাঠে আবার বিশ্বকাপ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। ইডেনে পাকিস্তান-ইংল্যান্ডের কাছে টসে হারতেই সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেল। ভারতকে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউয়িদের বিরুদ্ধে লড়াই কতটা কঠিন হবে ভারতীয় দলের? পারফরম্যান্সের নিরিখে এখনও পর্যন্ত ভারতীয় দলের সেরা ক্রিকেটার কে? এই সবকিছু নিয়েই ওয়ান ইন্ডিয়ার মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিশ্বকাপে নিউজিল্যান্ড বরাবরই শক্ত গাঁট ভারতের জন্য। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে কিউয়িদের কাছেই হারতে হয়েছিল ভারতকে। এবারও সেমিফাইনালে সেই একই দলের মুখোমুখি হতে চলেছে ভারত। যদিও গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের আগে অতীত পরিসংখ্যান নয়, সৌরভ গুরুত্ব দিচ্ছেন বর্তমান পারফরম্যান্সকে।

এই বিশ্বকাপে ভারতীয় দলের ইতিবাচক দিক বিশ্লেষণ করতে গিয়ে সৌরভ বলেন, 'দারুণ একটা দল, ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই খুব ভালো। টানা আট ম্যাচে জয়, অসাধারণ। এর থেকে ভালো কিছু হতে পারে না।'
২০০৩ সালে দাদার নেতৃত্বেই বিশ্বকাপে ভারতীয় দল টানা আট ম্যাচে জয় পেয়েছিল। চলতি বিশ্বকাপে রোহিতরা ইতিমধ্যেই রেকর্ড স্পর্শ করেছে। এবার টিম ইন্ডিয়ার সামনে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তবে দুরন্ত ছন্দে থাকা বিরাট-রোহিতদের অবশ্য পালনীয় কর্তব্যটা মনে করিয়ে দিলেন মহারাজ। দাদার কথায়, 'এবার আসল দুটো ম্যাচ জিততে হবে সেমি আর ফাইনাল।'
ভারত যদি ফাইনালে উঠে তাহলে প্রতিপক্ষ হিসেবে কাদের দেখছেন? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, 'বলা খুব কঠিন। এখানে(ইডেনে) অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা খেলবে। অস্ট্রেলিয়া খুব কঠিন দল।' চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে আছেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাট হাতে যেমন রান করছেন রোহিত-বিরাটরা। তেমনই বল হাতে খুব ভালো পারফরম্যান্স করছেন বোলাররাও।
কিন্তু পারফরম্যান্সের নিরিখে ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে দাদার নজর কাড়লেন কে? সৌরভ নিলেন মহম্মদ শামির নাম। বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচ গুলিতে প্রথম একাদশে জায়গা হয়নি শামির। কিন্তু সুযোগ পেয়েই নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছেন বঙ্গ তারকা। তাই মহারাজের বিরাট সার্টিফিকেটও পেলেন শামি।
সেইসঙ্গে রোহিতের নেতৃত্ব নিয়েও বড় সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। দাদার কথা, 'খুব ভালো অধিনায়কত্ব করছে। দারুণ, অসাধারণ।।'
সাক্ষাৎকার: মনোজিৎ মৌলিক












Click it and Unblock the Notifications