Sourav Ganguly Exclusive: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানে ফিরবেন বিরাট-রোহিত, ফেভারিট দলের তালিকায় কারা? অকপট সৌরভ
চলছে ক্রিকেটের ভরা মরশুম। কয়েকদিন পরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাশাপাশি তালিকায় আছে আইপিএল থেকে মহিলাদের প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট-রোহিতের ফর্ম কতটা চিন্তায় রাখবে ভারতীয় দলকে? মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি দলকে নিয়ে কতটা আশাবাদী? সরস্বতী পুজোর দিনে রাজকীয়ভাবেই ওয়ান ইন্ডিয়ার একাধিক প্রশ্নের উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
রোহিত-বিরাট টেস্টে অফ ফর্মে থাকলেও তাঁরা সাদা বলে ভালো ক্রিকেট খেলবেন বলেই আশাবাদী সৌরভ। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনটি একদিনের ম্যাচ আছে। এই দুই জনের সাদা বলে রেকর্ড অত্যন্ত ভালো। আশা করছি দুই জনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবেন। কারণ ওডিআই টেস্টের থেকে সম্পূর্ণ আলাদা।

গৌতম গম্ভীর আগেই জানিয়েছিলেন বিশ্বকাপের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফারাক আছে। কারণ এই টুর্নামেন্টে সব ম্যাচ জিততে হবে। ভারত সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্ম বিজয়ী হয়েছিল। দাদাও মানছেন বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে ফারাক আছে।
সৌরভের কথায়, চ্যাম্পিয়ন্স এবং বিশ্বকাপ আলাদা। কারণ বিশ্বকাপে অনেক বেশি সংখ্যায় দল খেলে এখানে কম দল খেলে। তবে এটা একটা আইসিসি টুর্নামেন্ট। গৌতম বলেছেন সব ম্যাচ জিতে ফাইনালে যেতে হবে। এটাই নিয়ম।
বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এখনও পুরো ফিট সার্টিফিকেট পাননি বুমরাহ। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে অতিরিক্ত হিসাবে হর্ষিত রানাকে রাখা হয়েছে। বুমরাহ একান্ত খেলতে না পারলে ভারতের জন্য কতটা সমস্যার হবে? সৌরভের কথায়, বুমরাহের মতো বোলার যে কোনও টুর্নামেন্টে না খেললেই সমস্যার হতে পারে। আশা করছি বুমরাহ দ্রুত ফিট হয়ে উঠবেন।
শামি প্রসঙ্গে সৌরভ বলেন, শামি এর আগে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এবার সুযোগের অপেক্ষায় আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে এমন চার দল কারা হতে পারে? সৌরভের সরাসরি উত্তর, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সবথেকে শক্তিশালী। উপমহাদেশে এই টুর্নামেন্ট হচ্ছে তার উপর ঘরের মাঠে খেলবে পাকিস্তান। ফলে তাদের তালিকার বাইরে রাখা যাবে না।
বিরাট-রোহিতের অবসর নিয়ে চর্চা হলেও সৌরভ তাতে গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, কথা তো অনেক কিছু চলতে পারে। কিন্তু দুই জনেই মহান ক্রিকেটার। সবাই জানে তাদের পারফরম্যান্স। ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলের ব্যাটিংয়ের রোগ যে সারাতে হবে সেটাও উল্লেখ করেন দাদা।
দুয়ারে মহিলাদের প্রিমিয়ার লিগ। দিল্লি দলকে নিয়ে এবারও আশাবাদী সৌরভ। মহারাজের কথায়, গত দুই মরশুম আমরা রানার্স হয়েছি। এবারও দল অত্যন্ত ভালো। আশা করছি এবারও আমরা ভালোই খেলব। বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি২০ টুর্নামেন্ট প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে যুক্ত আছে দাদা। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকাও গিয়েছিলেন।
সেখানে ঘরোয়া টি২০ টুর্নামেন্ট প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, সেখানেও এই টুর্নামেন্টটি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে সপ্তাহ শেষে প্রচুর মানুষ মাঠে খেলা দেখতে আসেন।












Click it and Unblock the Notifications