মধ্যমগ্রাম ও বেহালার ক্লাবে একই ভূমিকায়! দুই পুজোর উদ্বোধন করলেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় প্রচণ্ড কর্মব্যস্ত। তবে তিনি সব সময় বলে থাকেন, মহালয়া থেকে দশমী অবধি দুর্গাপুজো নিয়েই মেতে থাকেন। এই সময়ের জন্যেই তো চলে বছরভর প্রতীক্ষা।
এবার কন্যা সানাও পুজোর সময় থাকবেন শহরে। বাড়িতে মায়ের পুজো হয়। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডায় মেতে থাকতে ভালোবাসেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ।

মুম্বইয়ে একটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছেন বুধবার। বৃহস্পতিবার সেরে ফেললেন দুটি পুজোর উদ্বোধন। দুটি ক্লাবেই তিনি একই ভূমিকায়- প্রধান পৃষ্ঠপোষক। জেলার কোনও পুজোয় এই প্রথম তিনি এমন দায়িত্বে। বড়িশা প্লেয়ার্স কর্নার সৌরভের পুজো বলেই খ্যাত। বাড়ির ঠিক পাশেই এই পুজোর আয়োজন। তবে গতকাল প্রথম পুজোর উদ্বোধন করলেন মধ্যমগ্রামে।
উদয়রাজপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসবের এবার ৭৫তম বর্ষ। প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় (বালু) সৌরভকে রাজি করিয়েছেন এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক হওয়ার জন্য। তাঁর কথায়, সৌরভ যুক্ত হওয়ায় এবার পুজো নিয়ে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে গোটা এলাকায়। সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবং সিএবির অ্যাপেক্স কাউন্সিলের কয়েকজন সদস্যকে নিয়ে সৌরভ গতকাল গিয়েছিলেন মধ্যমগ্রামের এই পুজোর উদ্বোধনে। সৌরভকে দেখার জন্য ওই পুজোমণ্ডপ চত্ত্বরে তিলধারণের জায়গা ছিল না।
সৌরভের সঙ্গেই এই পুজোর উদ্বোধনে হাজির ছিলেন মন্ত্রী রথীন ঘোষ-সহ স্থানীয় পুর প্রতিনিধিরাও। ভিড়ের মধ্যেই সৌরভ হাসিমুখে সকলের সেলফি বা ছবি তোলার আবদার রাখেন। পুজোমণ্ডপের প্রশংসাও করেছেন মহারাজ। তিনি বলেন, বালুদার ক্রিকেট আকাদেমিতে আগে এসেছিলাম। এবার পুজোয় এলাম। সিএবিতেও খুব কর্মব্যস্ততার মধ্যেই থাকেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। পুজোর দিনগুলিতে সকলের মঙ্গল কামনাও করলেন সৌরভ।
একটি বাণিজ্যিক সংস্থার ইভেন্টেও হাজির ছিলেন মহারাজ। দেখে এলেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোও। রাতে সৌরভ উদ্বোধন করলেন বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজোর। যার থিম আভিজাত্যের অঙ্গীকার। শহরে প্রবল বৃষ্টির কারণে মহারাজের পাড়ার দুর্গাপুজোর উদ্বোধন দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। এই পুজোমণ্ডপে হাজির ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications