Sourav Ganguly Exclusive: শিবিরের শেষ দিনে অনুপস্থিত, পন্থের আইপিএল খেলা নিয়ে বাস্তবসম্মত বার্তা দিলেন সৌরভ
গত ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। এরপর থেকে ২২ গজ থেকে অনেকটাই দূরে পন্থ। আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এশিয়া কাপ এমনকি বিশ্বকাপেও ভারতীয় দলের বাইরে থাকতে হয়েছে পন্থকে। ২০২৪ সালে আইপিএলে খেলতে দেখা যাবে টিম ইন্ডিয়ার তারকাকে?
গত বুধবার থেকে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের শিবির বসেছিল। চার দিনের শিবির শেষে পন্থকে নিয়ে ওয়ান ইন্ডিয়ায় সাক্ষাৎকারে বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার থেকে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয়েছিল দিল্লি দলের শিবির। শনিবার তা শেষ হল। শেষদিনে অবশ্য উপস্থিত ছিলেন না ঋষভ পন্থ, এমনকি কোচ পন্টিংও ফিরে গিয়েছেন।

দুর্ঘটনার পর মাঠে ফেরার লড়াই শুরু করেন পন্থ। ছয় মাসেরও বেশি সময় ধরে রিহ্যাব করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। আইপিএলের আগেই নিজেকে সম্পূর্ণ ফিট প্রমাণ করতে মরিয়া ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কলকাতায় দিল্লি ক্যাপিটালস দলের শিবিরেও উপস্থিত ছিলেন ঋষভ। পন্থের আইপিএল খেলা প্রসঙ্গে সৌরভ বলেন, 'মনে করা হচ্ছে আইপিএলের আগে পুরো ফিট হয়ে উঠবে। দেখা যাক, হলে সবথেকে আমাদেরই ভালো।'
আইপিএল বা জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে পন্থকে ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। কবে থেকে ঘরোয়া ক্রিকেটে আবার মাঠে নামতে পারবেন পন্থ? এই প্রশ্নের উত্তরে দাদা বলেন, 'এখনই পারবে না, কবে থেকে পারবে সেটা দেখতে হবে।' অর্থ্যাত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে এখনও যে ঋষভের কিছুটা সময় লাগবে তা বুঝিয়ে দিলেন মহারাজ।
সৌরভের নামের সঙ্গে জুড়ে গিয়েছে প্রত্যাবর্তন শব্দটি। ক্রিকেট কেরিয়ারে সবথেকে কঠিনতম প্রত্যাবর্তন করতে হবে পন্থকে। দিল্লি দলের শিবিরে পন্থকে কী মন্ত্র দিলেন মহারাজ। দাদার বক্তব্য, 'ঋষভের সঙ্গে কথা হয়েছে, আশা করছি ও ঠিক হয়ে যাবে এবং আমাদের হয়ে খেলবে। এটাতো মেডিকেলের বিষয়। তাই মেডিকেলের সঙ্গে যুক্ত মানুষরাই ভালো বলতে পারবেন।'
শেষ দিনের শিবিরে ছিলেন না কোচ রিকি পন্টিং। ফলে শিবিরে পর্যবেক্ষণের পুরো দায়িত্বেই ছিলেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কিছু বাংলা দলের ক্রিকেটারকে এই শিবিরে ডাকা হয়েছিল। তারমধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঈশান পোড়েল, আকাশদীপ, সুদীপ ঘরামি, ঈশ্বরণ। মুকেশ কুমারও ছিলেন এই শিবিরে।
শনিবার ক্যাম্পে খলিল আহমেদের বোলিংয়ের ভুলত্রুটি শুধরে দেন দাদা। সাকিব নামের এক বোলারকেও অনেকক্ষণ অনুশীলনে দেখা হয়। শিবির প্রসঙ্গে সৌরভ বলেন, 'এটা আমাদের তৃতীয় শিবির। এরপর আরও হবে। দলটাকে তৈরি করতে হবে।' এই শিবির থেকে ডিসেম্বরের নিলামে কাদের নেওয়া হবে সে বিষয়ে এখনই মুখ খুলছেন না সৌরভ। শিবিরে অংশ নেওয়া ক্রিকেটারদের বেশি সংখ্যায় ম্যাচ খেলার পরামর্শ দেওয়া হয়েছে।
সাক্ষাৎকার: মনোজিৎ মৌলিক












Click it and Unblock the Notifications