'সাফল্য পাওয়ার রাস্তা ওকেই খুঁজে বের করতে হবে', বিরাট প্রসঙ্গে মন্তব্য সৌরভের
'সাফল্য পাওয়ার রাস্তা ওকেই খুঁজে বের করতে হবে', বিরাট প্রসঙ্গে মন্তব্য সৌরভের
ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দীর্ঘ সময় অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। এর সঙ্গে কুচকির চোট সমস্যা আরও বাড়িয়েছে বিরাটের। ২০১৯ সালে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল শেষ আন্তর্জাতিক শতরান। নির্দিষ্ট ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও একই রকম ভাবে ব্যর্থ হয়ে চলেছে বিরাট।

এজবাস্টন টেস্টে দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১১ এবং ২০ রান। টি-২০ সিরিজে দুই ইনিংস মিলিয়ে তিনি করেন ১২ রান। দীর্ঘ ব্যর্থতা স্বত্বেও বিরাটের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এএনআই-কে বিসিসিআই সভাপতি বলেছেন, "আন্তর্জাতিক ক্রিকেটে ওর সংখ্যার দিকে তাকান। ক্ষমতা এবং দক্ষতা ছাড়া সেটা হয় না। হ্যাঁ, ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ও নিজের সেটা জানে। এক জন মহান প্লেয়ার ও। ও নিজেও জানে, যে স্তরের প্লেয়ার ও তাতে এতেবারেই ভাল ও খেলতে পারছে না। তবে আমি দেখতে পারছি ও ফর্মে ফিরবে এবং ভাল পারফর্ম করবে। কিন্তু সেই রাস্তা ওকেই খুঁজে বের করতে হবে এবং সফল হতে হবে, গত ১২-১৩ বছরে বা তারও বেশি সময় ও যেটা করে এসেছে এবং একমাত্র বিরাট কোহলিই এটা করতে পারে।"

বিরাট কোহলির ধারাবাহিক খারাপ ফর্মে বিরক্ত ঐতিহাসিক ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। কিংবদন্তি ক্রিকেটারের মতোই টি-২০ দলে বিরাটের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভেঙ্কটেশ প্রসাদ। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, "খেলায় এই রকম হতে থাকবে। প্রত্যেকের সঙ্গেই এমনটা হয়। সচিনের সঙ্গে এমনটা হয়েছে, রাহুলের সঙ্গেও এমনটা হয়েছে, আমার সঙ্গেও এমনটা হয়েছে, কোহলির সঙ্গে হয়েছে এই রকমটা। ভবিষ্যতের ক্রিকেটারদের সঙ্গেও এমনটা হবে। খেলার একটা অঙ্গ এটা এবং আমি মনে করি একজন খেলোয়াড় হিসেবে তোমার শোনা উচিৎ, এর সম্পর্কে অবগত হওয়া উচিৎ এবং শুধু গিয়ে নিজের খেলাটা খেলা উচিৎ।"
১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা ইভেন্টে ভারতীয় দলে স্থান পেতে হলে পারফর্ম করতে হবে বিরাটকে। কুচকির চোটের কারণে প্রথম ওডিআই ম্যাচে লন্ডনের দ্য ওভালে নামতে পারেননি কোহলি। দ্বিতীয় ম্যাচে লর্ডসের তাঁর খেলার সম্ভাবনা ক্ষীন।












Click it and Unblock the Notifications