Sourav At Lord's: বিশ্বজয়ীদের মুম্বইয়ে বরণের দিনে সৌরভ লর্ডসে, কন্যা সানার অফিসের অনুষ্ঠানে কোন ভূমিকায়?
Sourav At Lord's: টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে আজ বরণ করা হচ্ছে মুম্বইয়ে। ভারতের এই সাফল্যের নেপথ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।
তবে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আজ মুম্বইয়ে নেই। তিনি এদিন হাজির লর্ডসে। কন্যা সানাকে নিয়ে। সেই ছবিই শেয়ার করেছেন সৌরভ-ঘরণী তথা বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকাকালীনই ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ও অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে নিয়োগ করেন। তার সুফল পেয়েছে ভারতীয় ক্রিকেট। বেশ কয়েকবার আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার এবার টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল।
২০২৩ সালের বিশ্বকাপে অপরাজেয় থেকে ফাইনাল খেলেও হারতে হয়েছিল ভারতকে। তবে এবার অপরাজেয় থেকেই বিশ্বচ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় শুরু থেকেই বলে এসেছিলেন, খোলা মনে খেললে বিশ্বকাপ জয় সম্ভব। ভারতকেই ফেভারিট হিসেবে ধরেছিলেন।
সৌরভ যে দর্শন, দৃষ্টিভঙ্গি নিয়ে বিসিসিআই পরিচালনা করেছেন, এনসিএ-কে শক্তিশালী করেছেন ভারতীয় দলের জন্য মজবুত সাপ্লাই লাইন সুনিশ্চিত করতে, এই টি২০ বিশ্বকাপ জয়ের নেপথ্যে সেই ফ্যাক্টরগুলিও গুরুত্বপূর্ণ। ভারতীয় দল দেশে ফেরার দিনে সৌরভ অবশ্য লন্ডনে।
ব্যস্ততার মধ্যেও বিসিসিআই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের বিশ্বকাপজয়ী দলের সাক্ষাতের ছবি শেয়ার করেছে তাতে লাইক করেছেন সৌরভ। এদিন তিনি কন্যা সানাকে নিয়ে গিয়েছিলেন লর্ডসে। সানার অফিসের অনুষ্ঠানে।
ডোনা গঙ্গোপাধ্যায় লন্ডন থেকে ওয়ানইন্ডিয়া বাংলাকে জানালেন, আজ লর্ডসে সানার অফিসের অনুষ্ঠান রয়েছে। ইনোভার্ভ নামে ওই সংস্থা ১ বছর পূর্ণ করল। সানা ওই সংস্থায় কর্মরতা, তবে সানা কিছুদিন আগে জয়েন করেছেন। আজকের অনুষ্ঠান আয়োজনে সানার ভূমিকা রয়েছে। এই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় লিডারশিপ নিয়ে বক্তব্য পেশ করেন বলে জানান ডোনা। ৮ জুলাই জন্মদিনও এবার সৌরভ সেলিব্রেট করবেন পরিবারের সঙ্গে বিলেতেই।












Click it and Unblock the Notifications