সৌরভের সঙ্গে এক ফ্রেমে কুম্বলে! মুম্বইয়ে দুই কিংবদন্তির সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা
মুম্বইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ অনিল কুম্বলের। ভারতের দুই প্রাক্তন অধিনায়ক। একজন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি, অপরজন ভারতের প্রাক্তন কোচ। তাঁদের সাক্ষাৎ নিয়ে তুঙ্গে জল্পনা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ অনিল কুম্বলের। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তির ছবি ভাইরাল হতেই জল্পনা শুরু হয়েছে। আইপিএলে হেড কোচের পদ থেকে পাঞ্জাব কিংস সরিয়ে দিয়েছে অনিল কুম্বলেকে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হিসেবে ইনিংস শেষ করার পর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হয়েছেন। এই আবহে তাঁরা দুজন মিলে কী করতে চলেছেন তা জানতে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা।

মুম্বইয়ে মুখোমুখি
সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল উপস্থিত ছিলেন উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে। মেগ ল্যানিং ও শেফালি ভার্মার রেকর্ড ওপেনিং জুটির পাশাপাশি তারা নরিসের পাঁচ উইকেট দিল্লিকে দুরন্ত জয় এনে দিয়েছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। অনিল কুম্বলেও সম্প্রতি গোয়ায় গিয়েছিলেন। সেখানে সচিন তেন্ডুলকর ও যুবরাজ সিংও ছিলেন। গোয়া থেকে কুম্বলেও পৌঁছে গিয়েছেন মুম্বই। কুম্বলে এবার কোন নয়া ইনিংসের পথে হাঁটতে চলেছেন তা নিয়ে চলছে জল্পনা।

বিজ্ঞাপনে সৌরভ-কুম্বলে
সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য আজ সকালে তাঁর ফেসবুকে সৌরভ-কুম্বলের সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। তিনি মুম্বই থেকে জানিয়েছেন, একটি সংস্থার বিজ্ঞাপনে দেখা যাবে দাদা ও কুম্বলেকে। ক্রিকেট থেকে অবসরের পর এই প্রথম বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে সৌরভ ও কুম্বলেকে। গত মাসেই সৌরভ ও মহেন্দ্র সিং ধোনির সাক্ষাতও হয়েছিল মুম্বইয়ে। সেটিতে অবশ্য সৌরভ ও ধোনি দুজনেই দুটি আলাদা বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। তার ফাঁকেই দুজনের দেখা হয়।
প্রাক্তন সতীর্থর সঙ্গে স্ক্রিন শেয়ার
হরভজন সিংয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে সৌরভকে। এবার আরও এক সতীর্থর সঙ্গে তিনি বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনেও ভারতের দুই প্রাক্তন অধিনায়ককে দেখা যাবে। সৌরভের সঙ্গে কুম্বলের দীর্ঘদিনের সম্পর্ক। সৌরভ অধিনায়ক থাকাকালীন তিনি অনিল কুম্বলের কেরিয়ার বাঁচাতেও বড় ভূমিকা নিয়েছিলেন।

কুম্বলের কেরিয়ারে দাদার অবদান
২০০৩ সালে নির্বাচকরা যখন কুম্বলেকে দলে নিতে চাইছিলেন না, তখন সৌরভও জেদ ধরেছিলেন কুম্বলেকে অস্ট্রেলিয়া সফরের দলে রাখা না হলে তিনি অধিনায়ক হিসেবে দল নির্বাচনী বৈঠক ছেড়ে বেরোবেন না। নির্বাচকরা অবশ্য সৌরভের কথা মানতে বাধ্য হন। তবে শর্ত দিয়েছিলেন, কুম্বলে ব্যর্থ হলে সৌরভের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হবে। যদিও সৌরভ যে ভুল ছিলেন না তা অস্ট্রেলিয়া সফরে প্রমাণ করে দেখিয়েছিলেন কুম্বলে। সেই বর্ডার-গাভাসকর ট্রফিতে কুম্বলে সর্বাধিক উইকেটশিকারী হন। সেটিই কুম্বলের কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল বলে মনে করেন অনেকেই। কেন না, ওই সুযোগ না পেলে তখন খারাপ ফর্মে থাকা কুম্বলের কেরিয়ার শেষ হয়ে যেতে পারতো।
(ছবি- তানিয়া ভট্টাচার্যর ফেসবুক/মহম্মদ পারভেজ আলম)












Click it and Unblock the Notifications