সৌরভের ত্রিপুরার পর্যটনের মুখ হওয়া নিয়ে চাপানউতোর, রাজনীতি-যোগ নিয়ে বিরক্ত মহারাজ
সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার পর্যটনের বিকাশে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে রাজি হয়েছেন। গতকাল আধিকারিকদের নিয়ে সৌরভের বেহালার বাড়িতে গিয়েছিলেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। দীর্ঘক্ষণ কথাও হয়। আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সৌরভ জানিয়েছিলেন, তাঁকে ত্রিপুরার রাজ্য সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সম্মতি দিয়েছেন। পর্যটনের পাশাপাশি ত্রিপুরার ক্রিকেট স্টেডিয়ামটিকেও উন্নত করার অনুরোধ করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে সৌরভ রাজি হতেই এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতারা মুখ খুলেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহারাজকে কলকাতার শেরিফ করার প্রস্তাবও দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় মনে করছেন, সৌরভ টাকা রোজগারেরর জন্যই ত্রিপুরার প্রস্তাবে রাজি হয়েছেন।

যদিও এই রাজনৈতিক চাপানউতোরে অত্যন্ত বিরক্ত সৌরভ। তিনি আজ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, সব কিছু রাজনীতির দৃষ্টিকোণ থেকে কেন দেখা হয়? অমিতাভ বচ্চনের গুজরাতের সঙ্গে চুক্তি রয়েছে। শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, সচিন তেন্ডুলকর কেরলের, ঋষভ পন্থ উত্তরাখণ্ডের, মহেন্দ্র সিং ধোনি ঝাড়খণ্ডের।

সৌরভের কথায়, আমার ক্ষেত্রে সব কিছুতেই কেন রাজনীতি দেখা হয়? এটা খুবই হতাশাজনক। আমি সব সময় স্বচ্ছতার সঙ্গে সাধারণ জীবনযাপন করি। ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলি সম্পর্কে প্রচার করা আমার কাজ হবে। এখনও সব কিছু চূড়ান্তও হয়নি। কিন্তু তার আগেই রাজনীতির রং লাগানো হচ্ছে।
সৌরভ আরও বলেন, শুধু এই বিষয়টিই নয়। আমি যা-ই করি না কেন সব কিছুতেই রাজনীতির ছোঁয়া লাগিয়ে দেওয়া হয়। সৌরভের কথায়, ত্রিপুরার ক্রিকেট ক্রমাগত উন্নতি করছে। আমি সেখানে ১৯৯০ সালে গিয়ে খেলেছি। তাঁর বক্তব্যকে বিকৃত করা বা কোনও পদক্ষেপকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ মহারাজের।

রাজনীতিবিদদেরও বিষয়টি নিয়ে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয় বলে মনে করছেন সৌরভ। বাংলার প্রতি তাঁর ভালোবাসা ও বাংলার সমস্ত জগতের মানুষের কাছ থেকে তিনি যে ভালোবাসা পান সে কথাও উল্লেখ করেছেন সৌরভ।
গতকাল সৌরভের কথা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গেও। তাঁর সঙ্গেও অনেকদিনের পরিচিতি মহারাজের। বিষয়টি অন্য মাত্রা পেয়েছে সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে দেবকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটনের মুখ করায়। তখনও সৌরভকে ছেড়ে কেন দেবকে করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই আবহে চমক দিল ত্রিপুরা।
(ছবি- সুশান্ত চৌধুরীর ফেসবুক)












Click it and Unblock the Notifications