ইডেনে প্রীতি ম্যাচে সৌরভের দলে খেললেন আজহার, জয় শাহদের বিরুদ্ধে খেলার ফল কী?
বিসিসিআইয়ের ৯০তম বার্ষিক সাধারণ সভা কাল অনুষ্ঠিত হবে কলকাতায়। তার আগের বিকেলে ইডেনে ফিরল নস্ট্যালজিয়া। ফের মাঠে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিনকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল জয় শাহের নেতৃ্ত্বাধীন সচিব একাদশ।

জয়দের জয়
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জয় শাহ। ১৫ ওভারের ম্যাচে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে বোর্ড সচিব একাদশ। জয়দেব শাহ ২৪ বলে সর্বাধিক ৪০ রান করে সতীর্থদের সুযোগ দিতে আর ব্যাটিং চালিয়ে যাননি। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল ৩০ বলে ৩৬ রান করেন।

সৌরভদের টার্গেট ১২৯
জয় শাহ ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। সৌরভের দলের হয়ে বোলিং ওপেন করেন মহম্মদ আজহারউদ্দিন। ২ ওভারে ৮ রান দেন আজ্জু। সৌরভ ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে তুলে নেন ওপেনার প্রণব আমিনের উইকেট। জয় শাহ ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। বিজয় পাটিল ও জিডিওন খারকোঙ্গর একটি করে উইকেট নেন।

ভালো শুরু অভিষেকদের
জবাবে সৌরভের দলের হয়ে ওপেন করতে নামেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও বিজয় পাটিল। জয় শাহ বোলিং ওপেন করে একাই সাত ওভার হাত ঘোরালেন। ৫৮ রানের বিনিময়ে তিনি নেন আজহার, সুরজ লোতলিকর ও দেবজিৎ সাইকিয়ার উইকেট। অভিষেক ডালমিয়া করেন ২০ বলে ১৩। আজহার ৬ বল খেলে ২ রান করে লেগ বিফোর হন। সুরজ করেন শূন্য। অভিষেক ও বিজয় পাটিল দুজনেই রান আউট হন। অভিষেক বল দেখেশুনেই ব্যাটিং করছিলেন।

নস্ট্যালজিয়া ফিরল ইডেনে
অভিষেক ডালমিয়া রান আউট হওয়ার পর ছয় নম্বরে ব্যাট করতে নামেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেবজিৎ সাইকিয়াকে নিয়ে লক্ষ্যপূরণের দিকে দলকে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। ওপেনিং জুটিতে উঠেছিল ৩১ বলে ৪৯। সৌরভ ও দেবজিৎ ৩০ বলে ৪৮ রান যোগ করেন। দেবজিৎ সাইকিয়া ১৬ বলে ১৫ রান করে জয় শাহের বলে বোল্ড হন।

চেনা ছন্দে মহারাজ
সৌরভ চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৫ রান করলেন। চেনা ছন্দে থেকে কভার ড্রাইভ-সহ দৃষ্টিনন্দন শট আসে মহারাজের ব্যাট থেকে। সৌরভ অবশ্য পুরো ইনিংস ব্যাট করেননি।

১ রানে হার সৌরভদের
সৌরভ যখন নিজেই সতীর্থদের সুযোগ দিতে মাঠ ছা়ড়েন তখন ম্যাচ জিততে দরকার ২ ওভারে ১৩ রান। যদিও শেষে বোর্ড সভাপতি একাদশ ১ রানে হেরেই যায়। মজাদার ক্রিকেটে উপভোগ্য ছিল অমিতাভ চৌধুরীর ধারাভাষ্য।
ছবি- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল












Click it and Unblock the Notifications