'অস্ট্রেলিয়ায় আমার নেওয়া সিদ্ধান্তের কৃতিত্ব নিয়ে গিয়েছেন অন্য কেউ', বিস্ফোরক মন্তব্য অজিঙ্ক রাহানের
অস্ট্রেলিয়ায় আমার নেওয়া সিদ্ধান্তের কৃতিত্ব নিয়ে গিয়েছে অন্য কেউ: অজিঙ্ক রাহানে
২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে বিধ্বস্ত হওয়ার পর বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়িছিল ভারতীয় দল। অজিঙ্ক রাহানের নেতৃত্বে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আট উইকেটে অস্ট্রেলিয়াকে পরাস্থ করেছিল ভারত। অনবদ্য শতরান করে এবং প্রখর অধিনায়কত্বের কারণে ম্যাচে সেরা নির্বাচিত হয়েছিলেন অজিঙ্ক রাহানে। কিন্তু যেই রাহানের কারণে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে বিধ্বস্ত করেছিল ভারত সেই রাহানেই এখন দলে কোনঠাঁসা। মূলত ব্যাটে রান না থাকার কারণে তাঁর টেস্ট ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।

অ্য়াডিলেডে লজ্জাজনক হারের পর সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। তাঁর অবর্তমানে অধিনায়কত্ব সামলেছিলেন রাহানে। রাহানের একাধিক সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতকে। ৩৬ রানে গুটিয়ে যাওয়া ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছিল স্রেফ দক্ষ অধিনায়কত্ব এবং পারফরম্যান্সের মধ্যে দিয়ে।
কিন্তু কখনও নিজের হয়ে গলা ফাটাননি মুম্বইের এই ব্যাটসম্যান। বরং তাঁর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে অন্য জনেরা। এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন সহ-অধিনায়ক। ব্যাক স্টেজ উইথ বোরিয়ার একটি এপিসোডে রাহানে বলেছেন, "আমি জানি আমি কী করেছি ওখানে। আমার সেটা কউকে বলার প্রয়োজন নেই। গিয়ে ক্রেডিট নেওয়াটা আমার স্বভাবে নেই। হ্যাঁ এমন অনেক সিদ্ধান্ত রয়েছে যেটা আমি মাঠের মধ্যে বা ড্রেসিং রুমে নিয়েছি। কিন্তু অন্য কেউ সেটার ক্রেডিট নিয়ে গিয়েছে। আমার কাছে গুরুত্বপূর্ণ হল সিরিজটা আমরা জিতেছিলাম। ওটা ঐতিহাসিক সিরিজ ছিল এবং আমার কাছে ওটা সত্যিই বিশেষ একটা সিরিজ।"
রাহানে কারোর কথা নাম উল্লেখ না করলেও তাঁর ইঙ্গিত যে রবি শাস্ত্রীর দিকে তা অনেকটাই স্পষ্ট। বরাবরই দলের সাফল্যে কৃতিত্ব নিজেই নিয়ে এসেছেন শাস্ত্রী। তাঁর কোচিং-এ ভারতীয় দলের পারফরম্যান্স এবং দাপটের জন্য অধিকাংশ ক্ষেত্রেই কৃতিত্ব নিয়ে খবরের শিরোনামে থেকেছেন শাস্ত্রী। এমনকী কোচ থেকে এক প্রকার ভারতীয় দলের 'মুখপাত্র' হয়ে উঠেছিলেন তিনি।
শুধু এমসিজি-তেই নয়, যে ভাবে সিরিজের পরবর্তী চারটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে তাতে সম্ভ্রম আদায় করে নিয়েছিলেন গোটা ক্রিকেট বিশ্বের। রাহানে বলেছেন, "এর পর যারা কৃতিত্ব নিয়েছে, তাঁদের বক্তব্য অনেকটা, 'এটা আমার সিদ্ধান্ত ছিল', 'এটা আমি করেছি', 'এইটা আমার সিদ্ধান্ত এই সব।' এটা তাঁদের জন্য আলোচ্য বিষয় হতে পারে। আমার দিক থেকে আমি জানি কী সিদ্ধান্ত আমি নিয়েছি। আমার হাসি পায়। আমি কখনও নিজের প্রশংসা করিনি। কিন্তু আমি জানি আমি করতাম। যারা খেলাটা জানে তাঁরা কখনওই এই রমক মন্তব্য করবে না। যাঁরা খেলাটা জানে, খেলাটা ভালবাসে তাঁরা বিচক্ষণের মতো কথা বলবে।"
যদিও শেষ দুই বছর টেস্ট ক্রিকেটে খুব ভাল ছন্দে নেই রাহানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি আদৌ ডাক পাবেন কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে। তবে, রাহানে বিশ্বাসী নিজের উপর। তিনি বলেছেন, "হ্যাঁ, নিজের ক্ষমতা সম্পর্কে আমি ওয়াকিবহল। আমি ভাল ব্যাটিং করছি এবং নিজের উপর ভরসা করি। এখনও আমার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে।"












Click it and Unblock the Notifications