৪৮তম জন্মদিনে নজরে কিংবদন্তি সচিনের সেসব রেকর্ড, যেগুলি ভাঙা কার্যত অসম্ভব
৪৮তম জন্মদিনে নজরে সচিনের সেসব রেকর্ড, যেগুলি ভাঙা কার্যত অসম্ভব
করোনা ভাইরাসের আবহে সচিন তেন্ডুলকরের ৪৮তম জন্মদিন পালন করছে গোটা দেশ তথা বিশ্ব। তিনি যে ক্রিকেটের ঈশ্বর। বাইশ গজের খেলে হেন কোনও রেকর্ড নেই যা সচিনের ঝুলিতে নেই। মাস্টার ব্লাস্টারের কিছু রেকর্ড হয়তো ভেঙে ফেলা সহজ হবে। কিন্তু এমন কিছু নজিরও রয়েছে যেখানে সচিনকে ছোঁয়া কার্যত অসম্ভব। একশোটি শতরানের মালিক সচিনের সেই রেকর্ড এবং পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক। এসব প্রেক্ষাপটে কেন মাস্টার ব্লাস্টারকে ছোঁয়া সম্ভব নয়, তাও জেনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ
বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট কেরিয়ারে ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং ১৬৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের সঙ্গে সচিনের ব্যবধান ৩২টি টেস্ট ম্যাচের।

সবচেয়ে বেশি টেস্ট রান
ভারতীয় দলের জার্সিতে ২০০টি টেস্ট ম্যাচ খেলে ১৫৯২১ রান করেছেন সচিন তেন্ডুলকর। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে লাল বলের ফর্ম্যাটে ১৫ হাজারের বেশি রান করেছেন মাস্টার ব্লাস্টার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের টেস্ট রান ১৩৩৭৮।

সবচেয়ে বেশিবার বিশ্বকাপ
নিজের ক্রিকেট কেরিয়ারে ৬টি বিশ্বকাপ খেলেছেন সচিন তেন্ডুলকর। শেষ অর্থাৎ ২০১১ সালের বিশ্বকাপ জিতে নিজের স্বপ্নপূরণ করেছিলেন মাস্টার ব্লাস্টার। বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে এতগুলি বিশ্বকাপ খেলার রেকর্ড নেই।

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান
কেরিয়ারে সবচেয়ে বেশি ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছেন সচিন তেন্ডুলকর। এই পর্বে ২২৭৮ রান করেছেন সচিন। লিস্ট এ বিশ্বকাপে তিনিই ২ হাজারের বেশি রান করা একমাত্র ক্রিকেটার। অন্য কোনও ব্যাটসম্যান বিশ্বকাপে ১৮০০-এর বেশি রান করতে পারেননি।












Click it and Unblock the Notifications