গর্বিত বিরাট, স্মৃতিমেদুর শাস্ত্রী, লর্ডসের ড্রেসিং রুমে টিম ইন্ডিয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাস ভাইরাল
গর্বিত বিরাট, স্মৃতিমেদুর শাস্ত্রী, লর্ডসের ড্রেসিং রুমে টিম ইন্ডিয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাস ভাইরাল
২০১৪ সালের পর লর্ডসে ফের টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে গিয়েছে বিরাট কোহলি বাহিনী। দলের এই দুর্দান্ত সাফল্য তাঁকে গর্বিত করেছে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে লর্ডসের ড্রেসিং রুমে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যল মিডিয়ায়। সেটি পোস্ট করেছে বিসিসিআই। অন্যদিকে এই দুর্দান্ত জয়ের পর স্মৃতির ভেলায় চেপে অনেকটা পিছনে চলে গিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী।

গর্বিত বিরাট, উচ্ছ্বসিত রাহানে
লর্ডসে হওয়া দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জিত হাসিল করেছে ভারতীয় ক্রিকেট দল। সতীর্থদের পারফরম্যান্স তাঁকে গর্বিত করেছে বলে ম্যাচ শেষে জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, বিদেশের মাটিতে এখনও পর্যন্ত যে কয়টি টেস্ট জিতেছে ভারত, তার মধ্যে লর্ডস বিজয় অন্যতম। ভারতীয় ক্রিকেটাররা যে একাগ্রতা ও মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলেন, তা অসাধারণ বলে জানিয়েছেন বিরাট। ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত অর্ধশতরান করা অজিঙ্ক রাহানে এই জয়ের কৃতিত্ব গোটা দলকে দিয়েছেন।
|
দায়িত্ব পালন করেছেন প্রত্যেকে
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত টেস্ট জয়কে দলগত প্রচেষ্টার ফল বলে আখ্যা দিয়েছেন রোহিত শর্মা। তাঁর কথায়, দলের প্রতিটি সদস্য নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। এর জেরেই রুদ্ধশ্বাস ম্যাচ থেকে জয় হাসিল করা সম্ভব হয়েছে বলে মনে করেন হিটম্যান। যাঁর ব্যাট থেকে ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত অর্ধশতরান এসেছিল। ওই ইনিংসে শতরান করা কেএল রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট জিততে পেরে আপ্লুত হয়েছেন। এই সাফল্যের কৃতিত্ব দলের প্রতিটি সদস্যকে দিয়েছিলেন ভারতীয় ওপেনার।

দেশকে জেতাতে পেরে গর্বিত সিরাজ
লর্ডস টেস্টে মোট আট উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। বিশেষ করে ম্যাচের চতুর্থ ইনিংসের শেষবেলায় ভারতীয় পেসার যে দক্ষতার সঙ্গে বোলিং করেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বিশ্ব। দেশকে জেতাতে পেরে গর্বিত হয়েছেন সিরাজ নিজে। তাঁর সেই খুশি ওই ভিডিওতে ফুটে উঠেছে। লর্ডস টেস্ট জয়ের থেকে প্রাপ্ত আত্মবিশ্বাসের রেশ সিরিজে বজায় রাখতে চান ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। অন্যদিক কুল অ্যান্ড কাম চেতেশ্বর পূজারা জয়ের আনন্দে ভেসে না গিয়ে সামনের দিকে তাকাতে চান।
|
রবি শাস্ত্রীর আবেগ
১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে লর্ডসে টেস্ট জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের অন্যতম সদস্য রবি শাস্ত্রী বর্তমান টিম ইন্ডিয়ার হেড কোচ। ৩৫ বছরের ব্যবধানে ক্রিকেটার ও প্রশিক্ষক হিসেবে লর্ডসে ছাপ রাখতে পেরে তিনি গর্বিত হয়েছেন। এই সাফল্যের কৃতিত্ব দলের প্রতিটি সদস্যকে তিনি দিয়েছেন।

সাজঘরে উচ্ছ্বাস
লর্ডসে প্রায় হেরে যাওয়ার মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। কেএল রাহুল, রোহিত শর্মার তুখোড় পারফরম্যান্স ছাড়াও ম্যাচের দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহের নাছোড় ব্যাটিং এবং মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মাদের অসাধারণ বোলিংয়ের জেরে এই রুদ্ধশ্বাস জয় পাওয়া সম্ভব হয়েছে। ম্যাচ শেষের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম। একে অপরের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছেন ক্রিকেটাররা। চিৎকার করে নিজেদের আনন্দ প্রকাশ করেছে বিরাট অ্যান্ড কোং। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications