ওভালে অশ্বিনের সুয়োগ না পাওয়াকে 'পাগলামি' বললেন ভন, বিরাট শিবিরকে নিশানা সোশ্যাল মিডিয়ার
ওভালে অশ্বিনকে না নেওয়াকে 'পাগলামি' বললেন ভন, সোশ্যাল মিডিয়ায় সমালোচিত বিরাট অ্যান্ড কোং
ইংল্যান্ডের মাটিতে টানা চার টেস্টে রবিচন্দ্রণ অশ্বিনকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজালো ভারতীয় ক্রিকেট দল। ওভালের যে পিচে স্পিনারদের সুবিধা পাওয়ার কথা, সেখানে অ্যাশের মতো দক্ষ অফ ব্রেকারকে বসিয়ে রাখাটা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরব হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। টিম ইন্ডিয়ার সিদ্ধান্ত মেনে নিতে পরেননি কংগ্রেস নেতা শশী থারুরও। এই ইস্যুতে কে কী বললেন, তা দেখে নিন এক ঝলকে।
|
মাইকেল ভন
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও ভারতের প্রথম একাদশ থেকে রবিচন্দ্রণ অশ্বিনের বাদ পড়াকে ভাল চোখে দেখেননি মাইকেল ভন। ওভালের মতো আধা স্পিন সহায়ক উইকেটে টেস্টে ৪১৩টি আন্তর্জাতিক উইকেট ও পাঁচটি শতরানের মালিক অভিজ্ঞ ক্রিকেটারের বাদ পড়াটাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ভারতের এই সিদ্ধান্তকে 'পাগলামি' বলতেও পিছপা হননি মাইকেল ভন।
|
হর্ষ ভোগলে
ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে রবিচন্দ্রণ অশ্বিনকে আশা করেছিলেন ক্রিকেট বিশ্লেষক তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। সেখানে ভারতীয় অফ স্পিনারের বাদ পড়াতে যে তিনিও অবাক হয়েছেন, তা তিনি সোশ্যাল মিডিয়ায় জানাতে ভোলেননি।
|
শশী থারুর
নটিংহ্যাম, লর্ডস, লিডসের পর ওভালেও ভারতের প্রথম একাদশে রবিচন্দ্রণ অশ্বিনকে না দেখতে পেয়ে তাজ্জব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। লিখেছেন, ইংল্যান্ডের সবচেয়ে স্পিন সহায়ক উইকেটেও অশ্বিনের অনুপস্থিতি তিনি মেনে নিতে পারছেন। ঘটনাকে অবিশ্বাস্য বলে আখ্যা দিয়েছেন শশী থারুর। তাঁর কথায়, দলের পাঁচ জন সেরা বোলারের মধ্যে অশ্বিনের নাম অবশ্যই থাকা উচিত। ওভালে অ্যাশ ও মহম্মদ শামিকে বাদ দিয়ে প্রথম একাদশ সাজানোকে আত্মহত্যা বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা।
|
সোশ্যাল মিডিয়ায় মিম
ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে রবিচন্দ্রণ অশ্বিনের না থাকার বিষয়টি মেনে নিতে পারেননি ক্রিকেট প্রেমীদের একটা অংশ। অস্ট্রেলিয়ার মতো পেস সহায়ক উইকেট থেকে যে বোলার উইকেট হাসিল করতে পারেন, তিনি ওভালের মতো পিচে টিম ইন্ডিয়ার ফার্স্ট চয়েজ হওয়া উচিত ছিল বলে মনে করেন নেটিজেনরা। বিরাট কোহলি ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে তাঁদের আক্রমণ শানিয়েছেন ক্রিকেট ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মিম তৈরি করে এই সিদ্ধান্তের প্রতীকি প্রতিবাদ জানানো হয়েছে।

অশ্বিনের কেরিয়ার
ভারতের হয়ে ৭৯টি টেস্ট ম্যাচ খেলা রবিচন্দ্রণ অশ্বিন ৪১৩টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ৩০ বার নিয়েছেন অ্যাশ। ৫৯ রান দিয়ে নেওয়া ৭ উইকেট এর ইনিংসে অশ্বিনের সেরা বোলিং স্পেল। টেস্টে ভারতের হয়ে তিনি ২৬৮৫ রানও করেছেন। অশ্বিনের নামের পাশে রয়েছে পাঁচটি শতরান। এহেন ক্রিকেটারকে ওভাল টেস্টে ভারতের প্রথম একাদশের বাইরে রাখাকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন সুনীল গাভাসকর সহ অন্যান্য রথী-মহারথীরাও।












Click it and Unblock the Notifications