Smriti Mandhana: ইতিহাসে স্মৃতি মান্ধানা, কেরিয়ারে দ্বিতীয়বার আইসিসির বিচারে ওডিআইয়ে বর্ষসেরা
Smriti Mandhana: ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার আইসিসি মহিলা ওডিআইয়ে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি আদায় করলেন তিনি।
ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি এর আগে ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন। এবার পুরুষদের ওডিআইয়ে বর্ষসেরা ক্রিকেটার হলেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই।

আইসিসি মহিলা ওডিআইয়ে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে স্মৃতির সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। শেষ হাসি হাসলেন স্মৃতিই।
স্মৃতি যেমন এই দ্বিতীয়বার ওডিআইয়ে বর্ষসেরা ক্রিকেটার হলেন, তেমনই ২০১৮ ও ২০২১ সালে তিনি মহিলাদের ক্রিকেটে আইসিসি বর্ষসেরা পুরস্কারও পেয়েছিলেন। ২০২৪ সালে স্মৃতি ওডিআইয়ে ৭৪৭ রান করেছেন। চারটি শতরান-সহ। যার মধ্যে জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি শতরান করে ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজ জেতাতে অবদান রাখেন।
অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচেও শতরান এসেছিল। ডিসেম্বরে পারথে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারলেও সেই ম্যাচেও সেঞ্চুরি হাঁকান স্মৃতি। গত বছর ওডিআইয়ে সর্বাধিক রান স্মৃতি করেন ১৩টি ম্যাচে ৫৭.৮৬ গড় ও ৯৫.১৫ স্ট্রাইক রেট রেখে।
মহিলাদের ওডিআইয়ে স্মৃতির আগে আর কেউ ক্যালেন্ডার ইয়ারে চারটি শতরান পাননি। গত বছর ওডিআইয়ে স্মৃতির ব্যাট থেকে এসেছে ৯৫টি চার ও ৬টি ছয়।
এদিকে, পুরুষদের ওডিআইয়ে বর্ষসেরা ক্রিকেটার হলেন আজমাতুল্লাহ ওমরজাই। আফগানিস্তানের এই অলরাউন্ডার ২০২৪ সালে ১৪টি ওডিআইয়ে ৪১৭ রান করার পাশাপাশি ১৭টি উইকেট নিয়েছেন। তিনি গত বছর টি২০ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দারুণ ছন্দে ছিলেন।
গত বছর আফগানিস্তান পাঁচটির মধ্যে চারটি ওডিআই সিরিজ জিতেছে। বছর চব্বিশের অলরাউন্ডার ওমরজাই দেশের হয়ে গত বছর ওডিআইয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী (প্রথমে রহমানুল্লাহ গুরবাজ) ও দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী (শীর্ষে আল্লাহ গজনফার) হন।












Click it and Unblock the Notifications