অভিনব উপায়ে বাগদান স্মৃতি ও পলাশের, রবিবার বিয়ের আগেই পৌঁছে গেল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা
বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা আনুষ্ঠানিকভাবে সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হওয়ার ঘোষণা করলেন। আর তারপরই অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছে এই তারকা জুটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন মান্ধানাকে। একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল। সেই মাঠে হাঁটু মুড়ে বসে মান্ধানার হাতে আংটি পরিয়ে দেন পলাশ। দুজনের অভিনব প্রেম নিবেদন, আলিঙ্গন, বাগদান সারার মুহূর্ত তুমুল জনপ্রিয় হয়েছে।
আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, স্মৃতি তাঁর সতীর্থ রাধা যাদব, জেমাইমা রডরিগেজ, শ্রেয়াঙ্কা পাতিল এবং অরুন্ধতী রেড্ডির সঙ্গে নাচছেন। এই সময় তাঁর বাগদানের আংটি এবং ঝলমলে হাসি নজর কেড়েছে। বলিউড সিনেমা 'লাগে রাহো মুন্নাভাই'-এর 'সমঝো হো হি গ্যায়া' গানটির সঙ্গে তাঁরা নাচছিলেন।
স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল আগামী ২৩ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মান্ধানা ও পলাশকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, স্মৃতি মান্ধানার "কভার ড্রাইভের সৌন্দর্য" পলাশ মুচ্ছলের "মনোরম বাদ্যযন্ত্রের সিম্ফনি"-র সঙ্গে এক চমৎকার জুটি তৈরি করবে।
প্রধানমন্ত্রী বার্তায় লিখেছেন, "জীবনের প্রতিটি ঋতুতে হাতে হাত রেখে চলার সময়, এই দম্পতি একে অপরের উপস্থিতিতে শক্তি খুঁজে পাক এবং তাঁদের হৃদয়, মন ও আত্মা যেন এক সুরে বাঁধা থাকে। তাঁদের স্বপ্নগুলি যেন এক অপরের সঙ্গে জড়িয়ে যায় এবং একসঙ্গে বেড়ে ওঠে, যা তাঁদের আনন্দ ও গভীর বোঝাপড়ায় ভরা ভবিষ্যতের দিকে পরিচালিত করবে।"
তিনি আরও যোগ করেছেন, "স্মৃতি এবং পলাশ যেন একে অপরের প্রতি আস্থায় ভরা এক ভাগ করা জীবন গড়ে তোলেন, সর্বদা একে অপরের পাশে থাকেন, ভালোবাসার সঙ্গে দায়িত্ব গ্রহণ করে এবং একে অপরের শক্তি ও অসম্পূর্ণতার মধ্য দিয়ে একসঙ্গে বেড়ে ওঠেন।"
প্রধানমন্ত্রী বলেছেন, "তাঁরা যখন একসঙ্গে একটি নতুন, সুন্দর জীবন শুরু করবেন, তখন স্মৃতির কভার ড্রাইভের সৌন্দর্য পলাশের মনোরম বাদ্যযন্ত্রের সিম্ফনির সঙ্গে এক চমৎকার জুটি হিসেবে পরিচিতি পাবে।"
তিনি আরও জানিয়েছেন যে, বিয়ের উৎসবের অংশ হিসেবে 'টিম গ্রুম' এবং 'টিম ব্রাইড'-এর মধ্যে একটি সেলিব্রেশন ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, "জীবনের এই খেলায় উভয় দলই যেন জয়ী হয়। এই বিশেষ মুহূর্তের জন্য আমি এই দম্পতিকে আমার আশীর্বাদ পাঠাচ্ছি।"












Click it and Unblock the Notifications