Bhuvneshwar Kumar: ভারতীয় দলে ব্রাত্য ভুবনেশ্বরের হ্যাটট্রিক, আরসিবি ভক্তদের দিলেন বিরাট বার্তা
Bhuvneshwar Kumar: ভুবনেশ্বর কুমার ভারতের একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিক শেষ খেলেছেন ২০২২ সালে। তবে আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও কার্যকরী।
আজ উত্তরপ্রদেশের হয়ে হ্যাটট্রিক করলেন ভুবি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলকে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১০ রানে জেতাতেও বড় ভূমিকা নিলেন।

আইপিএল নিলামের আগে ভুবনেশ্বর কুমারকে ছেড়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। অভিজ্ঞ ভারতীয় পেসারকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভুবির ফর্ম বুঝিয়ে দিচ্ছে আরসিবি ভুল কিছু করেনি।
আজ ঝাড়খণ্ডের বিরুদ্ধে বোলিং ওপেন করে ভুবনেশ্বর ১টি মেডেন-সহ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তুলে নিলেন তিন উইকেট। ১৭তম ওভারের প্রথম তিন বলে তিনি পরপর ফেরালেন রবিন মিঞ্জ, বাল কৃষ্ণ ও বিবেকানন্দ তিওয়ারি। দুরন্ত হ্যাটট্রিকে ভরসা দিলেন ডেথ ওভারের বোলিংয়েও।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভুবনেশ্বর কুমার দিল্লি ও হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১টি করে উইকেট পান। মণিপুর ম্যাচে ১ ওভারে দেন ২ রান, উইকেট পাননি। এরপর হরিয়ানার বিরুদ্ধে ২৮ রানে নেন তিন উইকেট।
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১টি মেডেন-সহ ২ ওভারে ১ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন। তারপর এদিনের ঈর্ষণীয় বোলিং ফিগার। দিল্লি ম্যাচে ১০ ও আজ ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৮ রান করে অপরাজিত থাকলেন। বাকি ম্যাচগুলিতে ব্যাট করতে হয়নি।
ভুবনেশ্বর কুমারের পাশাপাশি বল হাতে নজর কেড়েছেন নীতীশ রানা। তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। রানা ফেরান ঝাড়খণ্ডের ২ ওপেনারকে। ঈশান কিষাণ এদিন ১১ বলে ৮ রান করে আউট হন। উত্তরপ্রদেশের ৮ উইকেটে ১৬০ রানের জবাবে ১৯.৫ ওভারে ১৫০ রানে শেষ ধোনির রাজ্য। ম্যাচের সেরা ভুবি।












Click it and Unblock the Notifications