SL vs IND: ভারতের বিরুদ্ধে নামার আগে জোর ধাক্কা খেল শ্রীলঙ্কা, ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার
SL vs IND: কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। তার আগে বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ছিটকে গেলেন তারকা স্পিনার।
যার জেরে বছর চৌত্রিশের লেগস্পিনারকে দলে নেওয়া হলো। যিনি আগে থেকেই স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন।

এমনিতেই চোট ও অসুস্থতার কারণে প্রথম সারির পেসারদের টি২০ ও একদিনের সিরিজে পাচ্ছে না শ্রীলঙ্কা। ওডিআই সিরিজে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কলম্বোর স্পিন সহায়ক উইকেটে তাই স্পিনাররাই বড় বাজি শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আসালঙ্কার।
এবার স্পিন বিভাগও দুর্বল হলো আজ দ্বিতীয় ওডিআইয়ের আগে। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট সিরিজের বাকি দুটি ম্যাচ থেকেই ছিটকে দিল রিস্টস্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গাকে। শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে মিডিয়া রিলিজে এ খবর জানানো হয়েছে।
প্রথম একদিনের আন্তর্জাতিকে নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় হ্যামস্ট্রিংয়ে যন্ত্রণা অনুভব করেছিলেন হাসারঙ্গা। এরপর এমআরআই করানো হয়। তাতেই তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট নিশ্চিত হয়েছে। ওই ম্যাচে হাসারঙ্গা ব্যাট হাতে মূল্যবান ২৪ রান করার পাশাপাশি ৫৮ রানে নেন ৩ উইকেট।
ফলে তাঁর না থাকা নিশ্চিতভাবেই সুবিধা করে দেবে ভারতের। দুষ্মন্ত চামিরা ব্রঙ্কাইটিস ও রেসপিরেটরি সংক্রমণ এবং নুয়ান তুষারা হাতের বুড়ো আঙুল ভাঙায় খেলতে পারেননি টি২০ সিরিজে। ওডিআই সিরিজের আগে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে দিলশান মাদুশঙ্কা ও কাঁধের চোটের কারণে ছিটকে যান মাথিশা পাথিরানা।
হাসারঙ্গার শ্রীলঙ্কার টি২০ অধিনায়কও ছিলেন। তবে ভারতের বিরুদ্ধে সিরিজের আগে বিশ্বকাপে বিপর্যয়ের কারণে অধিনায়কত্ব ছেড়ে দেন। তাঁর স্থলাভিষিক্ত হন চরিথ আসালঙ্কা। ওডিআই সিরিজেও তিনিই ক্যাপ্টেন। আসালঙ্কা মূলত ব্যাটার। কিন্তু তিনি পরপর ২ বলে ভারতের শেষ দুটি উইকেট তুলে নিয়ে প্রথম ওডিআই টাই রাখা সুনিশ্চিত করেন।












Click it and Unblock the Notifications