SL vs IND: সূর্যকুমার ভারতের টি২০ অধিনায়ক, একদিনের সিরিজে নেতা রোহিতই, হার্দিককে ধাক্কা দিয়ে বড় পদে শুভমান
SL vs IND: শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হলো আজ। রোহিত শর্মার অবসরের পর সূর্যকুমার যাদবই ভারতের টি২০ আন্তর্জাতিক অধিনায়ক হলেন।
রোহিত শর্মা নেতৃত্ব দেবেন ওডিআই সিরিজে। শুভমান গিল দুই ফরম্যাটেরই সহ অধিনায়ক।

রোহিতের অবসরের পর মনে করা হচ্ছিল, হার্দিক পাণ্ডিয়াই টি২০ অধিনায়ক হবেন। তিনি টি২০ বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন। কিন্তু ট্যুইস্ট আসে গৌতম গম্ভীরের মতামতের ভিত্তিতে। হেড কোচ হিসেবে শ্রীলঙ্কা সফর দিয়েই নয়া ইনিংস শুরু করছেন গম্ভীর।
সূর্যকুমার যাদব বরাবরই গম্ভীরের প্রিয় পাত্র। হার্দিককে গৌতম গম্ভীর নির্বাচক প্রধানের উপস্থিতিতে বুঝিয়ে দেন, কেন তিনি সূর্যকে অধিনায়ক চাইছেন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, গম্ভীর এমন কাউকে অধিনায়ক চান যিনি ২০২৬ সালে টি২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন।
গত বছর বিশ্বকাপ চলাকালীন হার্দিক পায়ে চোট পেয়ে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৪-১ ব্যবধানে দেশের মাটিতে টি২০ সিরিজ জিতেছিল সূর্যর অধিনায়কত্বে। এরপর তিনি দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজেও নেতৃত্ব দেন, ভারত ১-১ ড্র করেছিল সিরিজ।
টি২০ বিশ্বকাপের পর শুভমান গিলের অধিনায়কত্বে ভারত জিম্বাবোয়ে সফরে টি২০ সিরিজ জিতেছে। হার্দিক শ্রীলঙ্কায় ওডিআই সিরিজ খেলবেন না ব্যক্তিগত কারণে। তবে টি২০ দলের সহ অধিনায়কত্বের পদও খোয়ালেন হার্দিক। সাদা বলেন দুই ফরম্যাটেই সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।
সূর্যকুমার যাদব মুম্বইকে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। ভারতের আলাদা ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকলেও দুই অধিনায়কই মুম্বইয়ের, যা বেশ তাৎপর্যপূর্ণ। হার্দিকের পাশাপাশি সূর্যকুমার যাদবও শ্রীলঙ্কায় একদিনের সিরিজের দলে নেই।
গৌতম গম্ভীর চেয়েছিলেন সিনিয়ররা খেলুন শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে। ফলে রোহিতের মতো বিরাট কোহলিও শ্রীলঙ্কা সিরিজের দলে রয়েছেন। তবে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার, কেকেআরের হর্ষিত রানা দলে আছেন।
তবে বাদ পড়েছেন মুকেশ কুমার। জিম্বাবোয়ে সফরে শতরানকারী অভিষেক শর্মাও বাদ পড়লেন উল্লেখযোগ্যভাবে। ঋতুরাজ গায়কোয়াড়কেও কোনও ফরম্যাটেই রাখা হয়নি। ওডিআই দলে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজারও।
শ্রীলঙ্কা সফরে ভারতের টি২০ আন্তর্জাতিক দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়লওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা সফরে ভারতের ওডিআই দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।












Click it and Unblock the Notifications