SL vs IND: শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্য়াট করতে পাঠাল, ভারতীয় দলে চার পরিবর্তন
SL vs IND: পাল্লেকেলেতে তৃতীয় তথা শেষ টি২০ আন্তর্জাতিকে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
আজ জিতলে সিরিজ হোয়াইটওয়াশ সুনিশ্চিত হবে। বৃষ্টিতে টস নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পরে হলো। খেলা শুরু হবে রাত ৮টায়।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা। দুই দল মিলিয়ে ৫টি পরিবর্তন। তার মধ্যে ভারতীয় একাদশে চারটি পরিবর্তন হলো। নিয়মরক্ষার ম্যাচে হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং ও ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হলো।
এর মধ্যে হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন আশিস নেহরা, প্রজ্ঞান ওঝারা। তার কারণ, হার্দিক একদিনের সিরিজে খেলবেন না। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। সূর্য বিশ্রাম দেওয়ার যুক্তি দিলেও হার্দিকের চোট রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
নেহরার কথায়, বারেবারেই হার্দিকের কম খেলার কথা বলা হয়। সাদা বলের সিরিজে তিনি খেলেন। ফলে যেহেতু হার্দিক ওডিআই খেলবেন না, এই সিরিজের পরেই দেশে ফিরবেন, সেক্ষেত্রে তাঁকে আজকের ম্যাচে খেলানোই যেত।
ভারত অবশ্য সিরিজ জিতে নেওয়ায় আজকের ম্যাচে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে। এতে কারও আপত্তিও নেই। তবে ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়েছে। পরেও বৃষ্টি হতে পারে। ফলে সূর্য জানিয়েছেন, তিনিও টস জিতলে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কার মতো রান তাড়াই পছন্দ করতেন।
শ্রীলঙ্কা দলে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে চামিন্দু বিক্রমাসিংঘের। তিনি দলে এলেন দাসুন শনাকার পরিবর্তে। ভারতীয় দলে আজ এলেন শুভমান গিল (আগের ম্যাচে নেক স্প্যাজমের কারণে খেলেননি), শিবম দুবে, খলিল আহমেদ ও ওয়াশিংটন সুন্দর। সঞ্জু তিনে ব্যাট করতে পারেন।
ক্যান্ডির ছেলে চামিন্দু ডামবুলা ফ্র্যাঞ্চাইজির হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে সাফল্য পেয়েছিলেন। ২১ বছরের অলরাউন্ডার আবার চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের ছাত্র ছিলেন। লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে আনসোল্ড ছিলেন। কিন্তু পরিবর্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পান। আজ ভারতের বিরুদ্ধে তাঁর অভিষেক হচ্ছে।
শ্রীলঙ্কার একাদশ- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), চামিন্দু বিক্রমাসিংঘে, ওয়ানিন্দু হাসারঙ্গা, রমেশ মেন্ডিস, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, খলিল আহমেদ।












Click it and Unblock the Notifications