SL vs IND: রোহিত, বিরাটরা নেট প্র্যাকটিসে গম্ভীরের তত্ত্বাবধানে, ভারতীয় কোচের আত্মবিশ্বাসে খামতি দেখছেন মনোজ
SL vs IND: শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। শুক্রবার থেকে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু কলম্বোয়।
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার প্রস্তুতি শ্রীলঙ্কা সফর থেকেই শুরু করবে ভারত। কেন না, ওই টুর্নামেন্টের আগে ভারতের হাতে বেশি ওডিআই নেই।

প্রথম দুটি টি২০ জেতায় ভারত সিরিজ পকেটে পুরে নিয়েছিল আগেই। গতকাল কার্যত হারা ম্যাচে দারুণভাবে কামব্য়াক করে সুপার ওভারে জয় পায় টি২০ বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কলম্বোয় একদিনের আন্তর্জাতিক সিরিজে নয়া চ্যালেঞ্জ। আজ থেকেই প্রস্তুতিতে নেমে পড়লেন গম্ভীর।
টি২০ সিরিজ চলাকালীনই অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ ওডিআই দলে থাকা ক্রিকেটাররা পৌঁছে গিয়েছিলেন কলম্বোয়। সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে প্র্যাকটিসও শুরু করেন। আজ ওডিআই দলের সঙ্গে যোগ দিলেন গম্ভীর।
গৌতম গম্ভীরের সঙ্গে আগে দেশের হয়ে একসঙ্গে খেলেছেন রোহিত ও বিরাট। গম্ভীর এখন হেড কোচ। অধিনায়ক রোহিত। বিরাট ও গম্ভীর আবার দুজনেই দিল্লির। কিন্তু নানা সময় নানা বিতর্ক তৈরি হয়েছে বিরাট ও গম্ভীরকে নিয়ে। তবে দুজনেই তা আপাতত পিছনে সরিয়ে রেখেছেন।
প্রাক্তন সতীর্থ এখন হেড কোচ। তাঁর তত্ত্বাবধানে দেশের তারকা ক্রিকেটারদের অনুশীলন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। টি২০ সিরিজে খেলা অনেক ক্রিকেটারই ওডিআই সিরিজের দলে রয়েছেন। যে ৬ জন ছিলেন না ভারতের হেড কোচ হওয়ার পর আজ তাঁদের সঙ্গে দেখা হলো গম্ভীরের।
রোহিত, বিরাট ছাড়াও কলম্বোয় আগে থেকে রয়েছেন শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও লোকেশ রাহুল। বিরাট কোহলির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে গম্ভীরকে। শ্রীলঙ্কার দল গঠন কিংবা কলম্বো থেকে পাওয়া সূত্র মারফত জানা যাচ্ছে, স্পিন সহায়ক উইকেটেই হবে ওডিআই সিরিজ।
রোহিত শর্মা ও বিরাট কোহলি ছুটিতে ছিলেন। কিন্তু ওডিআই সিরিজে তাঁদের খেলতে হচ্ছে গম্ভীরের ইচ্ছাকে মান্যতা দিয়েই। আর সেখানেই হেড কোচ হিসেবে গম্ভীরের আত্মবিশ্বাসে কিছুটা খামতির ইঙ্গিত পাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
মনোজের কথায়, গম্ভীর আগে যা যা বলেছেন এখন ভারতের দায়িত্ব নিয়ে তা করে দেখানোর পালা। তবে আমার মনে হচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত, বিরাটকে ডেকে নেওয়ার মধ্যে কিছুটা আত্মবিশ্বাসের অভাবের ছাপ রয়েছে। সকলেই জিতে শুরু করতে চান। রোহিত, বিরাটদের ছাড়াও খেলতেই পারতো ভারত। কিন্তু ওডিআই সিরিজে তারকা ক্রিকেটারদের ডেকে নেওয়ার মধ্যে স্পষ্ট, গম্ভীর কোনও ঝুঁকি নিতে চাইছেন না।












Click it and Unblock the Notifications