SL vs IND: রোহিত শর্মা শ্রীলঙ্কায় ODI সিরিজে নেতৃত্ব দেবেন? দুই তারকা উপভোগ করবেন ছুটি
SL vs IND: শ্রীলঙ্কা সফরের জন্য় ভারতীয় দল আজ ঘোষণা করা হতে পারে। কয়েক দিন ধরেই দল ঘোষণার জল্পনা চলছে। তবে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে বিসিসিআই সূত্রে খবর।
হার্দিক পাণ্ডিয়ার বদলে সূর্যকুমার যাদব টি২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে এগিয়ে বলে খবর। হেড কোচ গৌতম গম্ভীরের পছন্দই মান্যতা পাচ্ছে। গম্ভীরের ডাকে সাড়া দিলেন রোহিত শর্মাও।

টি২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরই ক্রিকেটাররা ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন। বিরাট কোহলি যেমন লন্ডনে চলে গিয়েছিলেন ওয়াংখেড়েতে সংবর্ধনা অনুষ্ঠান শেষের কয়েক ঘণ্টার মধ্যেই। রোহিত শর্মা প্রথমে লন্ডন ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে যান ছুটি কাটাতে।
জল্পনা ছিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, এমনকী ঋষভ পন্থকে শ্রীলঙ্কা সফরে বিশ্রামে রাখা হবে। যদিও পরিস্থিতি বদলেছে। গৌতম গম্ভীর চাইছেন, সিনিয়ররা খেলুন। তবে রোহিত শর্মা ছাড়া বাকিরা বিশ্রামেই থাকবেন বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।
রোহিত না খেললে ওডিআই সিরিজে শুভমান গিল বা লোকেশ রাহুলকে অধিনায়ক করা নিয়ে চর্চা চলছিল। তবে গম্ভীরের আহ্বানে সাড়া দিয়ে রোহিত ছুটির পরিকল্পনায় কাটছাঁট করে দেশে ফিরছেন। তিনিই শ্রীলঙ্কায় একদিনের আন্তর্জাতিক সিরিজে নেতৃত্ব দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে। তার আগে মাত্র ৬টি ওডিআই খেলবে ভারত। এই পরিস্থিতিতে রোহিতকে চাইছেন গম্ভীর, ভারতের হেড কোচ হিসেবে নিজের প্রথম সফরে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা সারার ক্ষেত্রেও তা ইতিবাচক হবে বলে জানা যাচ্ছে।
হার্দিক পাণ্ডিয়া অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়েই ওডিআই সিরিজ খেলবেন না। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ভালো খেলেছিল দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে। সূর্য টুর্নামেন্টের সেরাও হন। গৌতম গম্ভীরের মতামতকে গুরুত্ব দিয়েই সূর্যকে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ অবধি অধিনায়ক রাখার পথে হাঁটতে চলেছেন নির্বাচকরা।












Click it and Unblock the Notifications