SL vs IND: রোহিত ভাঙলেন সচিনের কীর্তি, হিটম্যান টপকে গেলেন দ্রাবিড়কেও
SL vs IND: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে টানা দুটি ম্যাচে অর্ধশতরান হাঁকালেন রোহিত শর্মা। ওপেন করতে নেমে ব্যাট করলেন আগ্রাসী মেজাজে।
যদিও রোহিত ফেরার পর দুটি ম্যাচেই ধস নামল ভারতীয় ব্যাটিং লাইন আপে। গতকাল ভারত অধিনায়ক পিছনে ফেললেন ভারতের দুই কিংবদন্তিকে।

রোহিত শর্মা শ্রীলঙ্কার কাছে তিন বছর পর ভারতের ওডিআই হারের পর উল্লেখ করেছেন মিডল অর্ডারের ব্যর্থতাকে। মাঝের ওভারগুলিতে স্পিনারদের সামলানো চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। যদিও পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এই খামতি দূর করার আহ্বান জানিয়েছেন সতীর্থদের।
রোহিত নিজের ব্য়াটিংয়ের ধরন যে বদলাবেন না তাও স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায়, যেহেতু মাঝের ওভারগুলিতে খেলা কঠিন হয়ে যাচ্ছে সে কারণেই পাওয়ারপ্লে-র রান গুরুত্বপূর্ণ। তাছাড়া তিনি যা রান করেছেন তা আগ্রাসী ব্যাটিং করেই। ফলে এমনটা তিনি চালিয়ে যাবেন।
রোহিত গতকাল ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশের বেশি রান করলেন ১২১ বার। তাতেই পেরিয়ে গেলেন সচিন তেন্ডুলকরের কীর্তি। সচিন ওপেন করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন ১২০ বার।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সবচেয়ে বেশিবার ফিফটি প্লাস স্কোর করার রেকর্ড সচিনের নেই। সেটি রয়েছে ডেভিড ওয়ার্নারের দখলে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অজি তারকরা ১৪৬ বার পঞ্চাশোর্ধ্ব রান করেছেন।
ওয়ার্নারের পিছনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১৪৪), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (১৩৬), ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স (১৩১) ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (১২৫)।
গতকালের ম্যাচে চারটি ছয়ের দৌলতে রোহিত ব্যবধান কমালেন ক্রিস গেইলের সঙ্গেও। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৩৫১টি ছয় রয়েছে শাহিদ আফ্রিদির। তাঁর পরেই রয়েছেন গেইল, তাঁর ওডিআই ছক্কার সংখ্যা ৩৩১। রোহিত চলে এলেন ৩৩০-এ। ফলে ৭ অগাস্ট দুটি ছয় মারলেই তিনি গেইলকে টপকে যাবেন।
রোহিত শর্মা গতকাল ২ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ভারতীয় হিসেবে চতুর্থ স্থান দখল করবেন। রাহুল দ্রাবিড়কে টপকে। দ্রাবিড় দেশের হয়ে ওডিআইয়ে ১০৭৬৮ রান করেছেন। রোহিতের রান এখন ১০৮৩১।
সচিন তেন্ডুলকর একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক ১৮৪২৬ রান করেছেন। বিরাট কোহলি আছেন তিনে, তাঁর রান ১৩৮৮৬। ভারতের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ওডিআইয়ে করেছেন ১১২২১ রান। আপাতত মহারাজের পরেই চলে এলেন হিটম্যান।












Click it and Unblock the Notifications