SL vs IND: গম্ভীর জমানায় বল করতে হচ্ছে রোহিতকেও! শ্রীলঙ্কাকে হারাতে ভারতের টার্গেট ২৪১
SL vs IND: কলম্বোয় শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক জেতার জন্য ভারতের সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল। তবে এদিনের বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় রোহিত শর্মার বোলিং করা।
টস জিতে এদিন ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারে তারা তুলল ৯ উইকেটে ২৪০। ওয়াশিংটন সুন্দর তিনটি, কুলদীপ যাদব ২টি উইকেট নেন।

রোহিত শর্মাকে প্রথম ওডিআইয়ে টসের সময় প্রশ্ন করা হয়েছিল, টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব বোলিং করেছেন, তিনি ওডিআই সিরিজে হাত ঘোরাবেন কিনা। রোহিত সেই সম্ভাবনা উড়িয়ে বলেছিলেন, না। আপাতত ব্যাটিংয়েই মনোনিবেশ করতে চাই।
রোহিত অবশ্য প্রথম ওডিআইয়ে বল করতে ডেকেছিলেন শুভমান গিলকে। এরপর বোলিং কোচ সাইরাজ বাহুতুলে জানিয়েছিলেন, ব্যাটারদের দিয়ে বোলিং করানো হবে। হেড কোচ গৌতম গম্ভীর যে এই ধারা বজায় রাখবেন তা বোঝা গেল রোহিতের হাত ঘোরানোর মধ্যে দিয়েই।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে সূর্য ছাড়াও বোলিং করেছিলেন রিঙ্কু সিং। রোহিত শর্মা আজ বোলিং করলেন ৩৯ ও ৪১তম ওভারে। নিজের প্রথম ওভারে দেন ৬ রান, দ্বিতীয় ওভারে ৫। ২ ওভারে ১১ রান দিয়ে উইকেট পাননি, আর বোলিং করেননি।
২০১৬ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ওভারে ১১ রান দিয়েছিলেন রোহিত। তার সাত বছর পর গত বছর বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫ বল করে সাত রান দিয়ে ১টি উইকেট তুলে নিয়েছিলেন ভারত অধিনায়ক। সেই ম্যাচের পর আজই প্রথম বোলিং করলেন রোহিত।
রোহিত আজ ২৬৪তম ম্যাচ খেলছেন। যার মধ্যে বল করেছেন ৪০টি ম্যাচে। ১০১.৪ ওভারে ২টি মেডেন-সহ ৫৩৩ রান দিয়ে রোহিত ওডিআইয়ে ৯টি উইকেট পেয়েছেন। গম্ভীর-জমানায় যে তাঁকে আরও বল করতে দেখা যাবে সেই ইঙ্গিত মিলল। তবে গিল বা অন্য কোনও স্বীকৃত ব্যাটার আজ বল করেননি।
শ্রীলঙ্কার হয়ে ওপেনার আবিষ্কা ফার্নান্দো ৬২ বলে ৪০ এবং কামিন্দু মেন্ডিস ৪৪ বলে ৪০ রান করেন। দুনিথ ওয়েল্লালাগে ৩৯, কুশল মেন্ডিস ৩০, সাদিরা সমরবিক্রমা ১৪, অধিনায়ক চরিথ আসালঙ্কা ২৫, জানিথ লিয়ানাগে ১২, আকিলা ধনঞ্জয় ১৫ রান করেন। পাথুম নিসঙ্কা আউট হন শূন্য রানে।
ওয়ানিন্দু হাসারঙ্গার পরিবর্ত হিসেবে দলে ঢোকা জেফ্রি ভ্যান্ডারসে অপরাজিত থাকেন ১ রানে। প্রথম ওডিআইয়ে শ্রীলঙ্কার ৮ উইকেট পড়েছিল, আজ ৯টি। কামিন্দু ও ধনঞ্জয় রান আউট হন। ওয়াশিংটন সুন্দর ১ মেডেন-সহ ১০ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট দখল করেন।
কুলদীপ যাদবের ১০ ওভারে ১ মেডেন ৩৩ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। মহম্মদ সিরাজ ১টি মেডেন-সহ ৮ ওভারে ৪৩ রান দিয়ে নিলেন ১টি উইকেট। অর্শদীপ সিং ৯ ওভারে ৫৮ রান দেন, উইকেট পাননি। অক্ষর প্যাটেল ৯ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। অলরাউন্ডার শিবম দুবে ২ ওভার বল করেন, ১০ রান দিয়েছেন।












Click it and Unblock the Notifications