SL vs IND: মহম্মদ সিরাজ প্রথম ওভারের প্রথম বলেই পেলেন উইকেট! ওডিআইয়ে ভারতের আর কাদের এই কীর্তি আছে?
SL vs IND: কলম্বোয় দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকের শুরুতেই ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করলেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারের প্রথম বলেই তুলে নিলেন উইকেট।
একদিনের আন্তর্জাতিকে বিষয়টি নতুন নয়। সিরাজ এদিন নাম লেখালেন এই কীর্তি আগে গড়া তিন ভারতীয় বোলারের পাশে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। প্রথম বলেই পাথুম নিসঙ্কার উইকেটটি তুলে নেন সিরাজ। অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে বসেন শ্রীলঙ্কার ওপেনার, যিনি প্রথম ওডিআইয়ে অর্ধশতরান করেছিলেন।
একদিনের আন্তর্জাতিকে ভারতের বোলারদের মধ্যে প্রথম ওভারের প্রথম বলে উইকেট প্রথমবার নিয়েছিলেন দেবাশিস মোহান্তি। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি আউট করেছিলেন রিডলি জ্যাকবসকে। এরপর ৪ বার এই কীর্তি গড়েন জাহির খান।
২০০১ সালে নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার, ২০০২ সালে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য, ২০০৭ সালে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও ২০০৯ সালে শ্রীলঙ্কার উপুল থরঙ্গার উইকেট তিনি তুলে নিয়েছিলেন কোনও ওডিআই ম্যাচে প্রথম ওভারের প্রথম বলে।
মোহান্তি ও জাহির ছাড়া সিরাজের আগে এই কীর্তি রয়েছে প্রবীণ কুমারের। প্রবীণ ২০১০ সালে শ্রীলঙ্কার উপুল থরঙ্গাকে আউট করে ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করেছিলেন। ফলে ভারতের চতুর্থ বোলার হিসেবে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় বোলার হিসেবে ওডিআই ম্যাচের প্রথম বলেই উইকেট নিলেন সিরাজ।
সিরাজ এখনও অবধি ১টি মেডেন-সহ ৫ ওভারে ১৬ রান দিয়ে ১টি উইকেটই পেয়েছেন। নিসঙ্কা ব্যর্থ হলেও আবিষ্কা ফার্নান্দো পাঁচটি চারের সাহায্যে ৬২ বলে ৪০ রান করেন। তিনি আউট হন ১৭ ওভারে দলের ৭৪ রানের মাথায়। নিজের বলেই আবিষ্কার ক্যাচ ধরেন ওয়াশিংটন সুন্দর।
১৮.১ ওভারে ৭৯ রানে শ্রীলঙ্কার তৃতীয় উইকেটটি পড়ে। তিনটি চারের সাহায্যে ৪২ বলে ৩০ রান করে তিনে নামা কুশল মেন্ডিস সুন্দরের বলেই লেগ বিফোর হন। শেষ পাওয়া খবরে শ্রীলঙ্কার স্কোর ২৫ ওভারে ৩ উইকেটে ১০৩ রান। সাদিরা সমরবিক্রমা ২৪ বলে ১০ ও আসালঙ্কা ২১ বলে ১১ রানে অপরাজিত আছেন।












Click it and Unblock the Notifications