SL vs IND: শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে সফর শুরু গম্ভীর-সূর্য জুটির, কামিন্দু দুই হাতে বল করে কাড়লেন নজর
SL vs IND: হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব জুটির অভিষেকে প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল ভারত। পাল্লেকেলেতে সব বিভাগে টেক্কা দিয়ে পরাস্ত করল শ্রীলঙ্কাকে।
ভারত ২১৪ রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কাকে। হিসেব কষে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল চরিথ আসালঙ্কার দল। কিন্তু ১৮ বলের ব্যবধানে ২৩ রান ওঠার ফাঁকে ৬ উইকেট হারিয়েই বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা।

৮.৪ ওভারে ওপেনিং জুটিতে উঠেছিল ৮৪। ২৭ বলে ৪৫ করেন কুশল মেন্ডিস। ১৪.১ ওভারে ১৪০ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ৪৮ বলে ৭৯ রান করে বোল্ড হন পাথুম নিসঙ্কা। এই ওভারেই কুশল পেরেরা (১৪ বলে ২০) অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকার।
১৫ ওভারে ৩ উইকেটে ১৪৯। সেখান থেকে ১৭.১ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩। ১৮.৫ ওভারে ১৭০ রানে পড়ে অষ্টম উইকেট। নবম উইকেট পড়ে ১৯.১ ওভারে, ১৭০ রানেই। কামিন্দু মেন্ডিস ১২ রান করেন। অধিনায়ক চরিথ আসালঙ্কা ও দাসুন শনাকা খাতাই খুলতে পারেননি।
শেষ অবধি ১৯.২ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারঙ্গা ও মাহিশ থিকশানা দুজনেই ২ রান করেন। মাথিশা পাথিরানার সংগ্রহ ৬। দিলশান মাদুশঙ্কা ০ রানে আউট হন। শূন্য রানে অপরাজিত থাকেন আসিথা ফার্নান্দো।
রিয়ান পরাগ ১.২ ওভারে ৫ রান খরচ করে নেন তিন উইকেট। অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩৮ ও অর্শদীপ সিং ৩ ওভারে ২৪ রান খরচ করে ২টি করে উইকেট দখল করেন। মহম্মদ সিরাজ ৩ ওভারে ২৩ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৪১ রান দেন, উইকেট পাননি।
এর আগে, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে। যা টি২০ আন্তর্জাতিকে শ্রীলঙ্কার মাটিতে ভারতের দলগত সর্বাধিক স্কোর। অধিনায়ক সূর্যকুমার যাদব সর্বাধিক ২৬ বলে ৫৮ রান করেন।
ঋষভ পন্থ ৩৩ বল ৪৯, যশস্বী জয়সওয়াল ২১ বলে ৪০, শুভমান গিল ১৬ বলে ৩৪ রান করেন। অক্ষর প্যাটেল ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। হার্দিক পাণ্ডিয়া ৯, রিয়ান পরাগ ৭, রিঙ্কু সিং ১ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং।
মাথিশা পাথিরানা ৪০ রানে নেন ৪ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারঙ্গা। কামিন্দু মেন্ডিস ১ ওভারে ৯ রান দিয়ে। এই ওভারে শ্রীলঙ্কার স্পিনার কামিন্দু ঋষভ পন্থের বিরুদ্ধে ডান হাতে ও সূর্যকুমার যাদবের বিরুদ্ধে বাঁহাতে বল করেন। তাঁর এই বোলিং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। উল্লেখ্য, কামিন্দুর আগে হাসান তিলকরত্নে, হানিফ মহম্মদ দু-হাতে বোলিং করেছেন।
ভারত তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। কাল সূর্যকুমার যাদবের দল নামবে সিরিজ পকেটে পুরে নেওয়ার লক্ষ্যে।












Click it and Unblock the Notifications