SL vs IND: ভারতীয় দলের কোচিং স্টাইলে নয়া ধারা আনছেন গম্ভীর! অভিষেক ও রায়ানের ভূমিকাও স্পষ্ট
SL vs IND: গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ করা হয়েছে গত ৯ জুলাই। যদিও কোচিং স্টাফদের নাম সরকারিভাবে এখনও জানায়নি বিসিসিআই।
আজ ভারতীয় দল মুম্বই থেকে গেল কলম্বো। তার আগে সাংবাদিক সম্মেলনে দুই সহকারী কোচের নাম জানালেন গম্ভীর।

ভারতীয় দলের সঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ রয়েছে। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের জমানাতেও তার ব্যতিক্রম হয়নি। বিক্রম রাঠোর ও পরশ মামব্রের সঙ্গে যথাক্রমে ব্যাটিং ও বোলিং কোচের চুক্তি নবীকরণ করেনি বিসিসিআই।
তবে ফিল্ডিং কোচ টি দিলীপকে রেখে দেওয়া হয়েছে। তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে গেলেন এদিন। গম্ভীর ভারতের কোচ নিযুক্ত হওয়ার আগেই জানা গিয়েছিল, সাপোর্ট স্টাফ বা কোচিং স্টাফ নিয়োগে গম্ভীরের মতামতকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার তাঁর কিছু সুপারিশ বোর্ড মানছে না বলেও জানা যায়।
তা নিয়ে চর্চার মধ্যেই গম্ভীর আজ সাংবাদিক সম্মেলনে জানান, বিসিসিআই সচিবের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। তিনি যা চেয়েছিলেন তার বেশিরভাগই বোর্ড মেনে নেওয়ায় তিনি খুশি। শ্রীলঙ্কা সফরের পরেই কোচিং স্টাফ সংক্রান্ত সমস্ত বিষয় চূড়ান্ত করে ফেলা হবে।
গম্ভীর এদিন জানান, অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে শ্রীলঙ্কা সফরে থাকছেন সহকারী কোচ হিসেবে। উল্লেখ্য, ভারতীয় দলের এই দুই সহকারী কোচ যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছেড়ে। মর্নি মরকেলও কেকেআরের প্রাক্তনী। ফলে ভারতীয় দলের সাপোর্ট স্টাফে জোরালো কেকেআর কানেকশন।
বাহুতুলে ও দিলীপও যে শ্রীলঙ্কা সফরে থাকছেন তা স্পষ্ট করেছেন গম্ভীর। যদিও ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোচ শুধু সংশ্লিষ্ট বিভাগেই ফোকাস রাখবেন, তেমনটা চান না গম্ভীর। তাঁর কথায়, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সহকারী কোচেদের শুধু একটি বিভাগ নয়, সব বিভাগেই যুক্ত থাকা দরকার। সে কারণেই তিনি সহকারী কোচ হিসেবে দুজনকে রেখেছেন বলেও জানান গম্ভীর।












Click it and Unblock the Notifications