SL vs IND: ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে অধিনায়ক বদল শ্রীলঙ্কার, স্পিন বিভাগ শক্তিশালী ঘূর্ণি পিচের জন্য?
SL vs IND: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা দেশের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। কলম্বোয় ২, ৪ ও ৭ অগাস্ট তিনটি ওডিআই রয়েছে।
রোহিত শর্মা, বিরাট কোহলিরা কলম্বোয় পৌঁছে প্র্যাকটিসে নেমে পড়েছেন। আজ টি২০ সিরিজ শেষ হলে কাল কলম্বো যাবেন ভারতীয় ওডিআই দলে থাকা বাকিরা।

শ্রীলঙ্কা আজ ওডিআই সিরিজের দল ঘোষণা করল। কুশল মেন্ডিসকে সরিয়ে ওডিআই অধিনায়কের দায়িত্বও দেওয়া হলো চরিথ আসালঙ্কাকে। তিনি ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজেও শ্রীলঙ্কা নেতৃত্ব দিচ্ছেন। মেন্ডিসকে গত ডিসেম্বরে ওডিআই অধিনায়ক করা হয়েছিল। তাঁর নেতৃত্বে ফয়সালা হওয়া ৮টির মধ্যে ৬টিতে জেতে শ্রীলঙ্কা।
মেন্ডিসের নেতৃত্বে শ্রীলঙ্কা দেশের মাটিতে আফগানিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ৫ ম্যাচে জেতে। তবে বাংলাদেশে গিয়ে ১-২ ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল। আসালঙ্কা ওডিআই ফরম্যাটেও শ্রীলঙ্কার হয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন। সে কারণেই সাদা বলের ফরম্যাটে তাঁকেই অধিনায়ক করা হলো।
টেস্ট দলের ব্যাটার নিশান মাদুশকার পাশাপাশি আকিলা ধনঞ্জয় ও চামিকা করুণারত্নে ওডিআই দলে ডাক পেলেন। সিমার দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দোকেও ওডিআই সিরিজের দলে রাখা হলো। সুযোগ দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগেকে।
দুষ্মন্ত চামিরা অসুস্থতার কারণে ওডিআই সিরিজেও খেলতে পারবেন না। হাতের বুড়ো আঙুলে চিড় ধরায় নেই নুয়ান তুষারাও। মাথিশা পাথিরানা রয়েছেন ঘোষিত ওডিআই দলে। কলম্বোয় স্পিন সহায়ক উইকেটেই খেলা হবে ওডিআই সিরিজ।
শ্রীলঙ্কার ওডিআই দল থেকে বাদ পড়লেন লাহিরু কুমারা, প্রমোদ মাদুশান। তাঁরা বাংলাদেশ সিরিজের দলে ছিলেন। স্পিন বোলিং বিভাগ কিন্তু বেশ শক্তিশালী। ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানার সঙ্গে থাকছেন আকিলা ধনঞ্জয় ও ওয়েল্লালাগে। কুশল মেন্ডিস ও আসালঙ্কাও স্পিন বোলিং করতে পারেন। টি২০ সিরিজ হারার পর ওডিআই সিরিজ জিতে মানরক্ষা করতে চাইবে সনৎ জয়সূর্যর প্রশিক্ষণাধীন দল।
টপ অর্ডারে অবশ্য চমক নেই। প্রথম তিনে নামবেন পাথুম নিসঙ্কা, আবিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। কুশল পেরেরাকে ওডিআই দলে রাখা হয়নি। মিডল অর্ডারে ভরসা সাদিরা সমরবিক্রমা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস। আসালঙ্কা সম্ভবত পাঁচে ব্যাট করবেন।
শ্রীলঙ্কার ওডিআই দল- চরিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো।












Click it and Unblock the Notifications