SL vs IND: জিম্বাবোয়েতে T20I সিরিজের ৯ ক্রিকেটার শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে, বাদ কারা? প্রশ্নে জাদেজার ভবিষ্যৎ
SL vs IND: হেড কোচ গৌতম গম্ভীরের জমানায় ভারত প্রথম সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কায়। গম্ভীর যে কড়া অবস্থান নিচ্ছেন তা রোহিত শর্মা, বিরাট কোহলির ছুটি বাতিলেই স্পষ্ট।
টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত জিম্বাবোয়ে সফরে গিয়ে ৪-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতেছে। সেই দলের ৯ ক্রিকেটার রইলেন শ্রীলঙ্কা সফরের দলে।

২০২৬ সালের টি২০ বিশ্বকাপের পরিকল্পনাও এখন থেকেই শুরু করে দিতে চাইছেন গম্ভীর। ফলে নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত টি২০ আন্তর্জাতিক দল দেখে স্পষ্ট নতুন ইনিংসে গম্ভীর কাদের নিয়ে এগিয়ে যেতে চাইছেন। তাতে সায় রয়েছে নির্বাচকদেরও।
জিম্বাবোয়ে সফরে টি২০ সিরিজের দলে থাকা যে ক্রিকেটাররা বাদ পড়লেন তাঁরা হলেন অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, ধ্রুব জুরেল, আবেশ খান, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে, বি সাই সুদর্শন ও জিতেশ শর্মা। অভিষেক কেরিয়ারের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকেই শতরান পেয়েছিলেন।
মুকেশ কুমার শেষ টি২০ আন্তর্জাতিকে ৪ উইকেট নেন, যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং। বিসিসিআই জানিয়েছে, ভারতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন প্রতিযোগিতায় খেলার বিষয়ে মনিটরিং চালানো হবে। কুলদীপ যাদব টি২০ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের দলে নেই।
রিয়ান পরাগ ও শিবম দুবের উপর দুই ফরম্য়াটেই আস্থা রেখেছেন নির্বাচকরা। তবে অক্ষর প্যাটেলের ফর্ম চাপ বাড়াল রবীন্দ্র জাদেজার উপর। তিনি টি২০ বিশ্বকাপের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেন। কিন্তু জাদেজাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে রাখা হলো না।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের হাতে মাত্র ৬টি ওডিআই আছে। যার তিনটি শ্রীলঙ্কায়। ফলে জাড্ডুকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রইল। হার্দিক পাণ্ডিয়া টি২০ সিরিজে খেলবেন। কিন্তু হারালেন সহ অধিনায়কের পদ।
শুভমান গিল টি২০ আন্তর্জাতিকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন, দল দেখে তা স্পষ্ট। সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে, ঋষভ পন্থই একাদশে থাকবেন। ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং, শিবম দুবেকে ভাবা হচ্ছে।
টি২০ বা ওডিআই সিরিজের দলে নেই যুজবেন্দ্র চাহাল। কুলদীপ তবু ওডিআইয়ে রয়েছেন। ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোইদের ঘূর্ণিতেই আস্থা রাখলেন নির্বাচকরা। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ার ওডিআই দলে সুযোগ পেলেন। লোকেশ রাহুলও চোট সারিয়ে ফিরলেন। তাঁরা টি২০ বিশ্বকাপেও ছিলেন না।












Click it and Unblock the Notifications