SL vs AUS: স্মিথ ছুঁলেন রুট ও দ্রাবিড়কে, ক্যারির শতরানেও নজির, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পথে অস্ট্রেলিয়া
SL vs AUS: গলে দ্বিতীয় টেস্টও শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পেতে চলেছে অস্ট্রেলিয়া। টেস্টের বাকি এখনও ২ দিন।
কাল স্টিভ স্মিথরা জিতে গেলে দুই টেস্টের সিরিজ জিতবেন ২-০ ব্যবধানে। অর্থাৎ সুনিশ্চিত হবে হোয়াইটওয়াশ। টানা দুটি টেস্টে শতরান আত্মবিশ্বাস বাড়াল স্টিভ স্মিথের।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৫৭ রানের জবাবে আজ টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪১৪ রানে। গতকালই শতরান পেয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। আজ চারে নামা অজি অধিনায়ক স্মিথ আউট হন ২৫৪ বলে ১৩১ রান করে। মেরেছেন ১০টি চার ও একটি ছয়।
অ্যালেক্স ক্যারি ১৮৮ বলে ১৫৬ রান করেছেন। তাঁর ইনিংস সাজানো ১৫টি চার ও ২টি ছয় দিয়ে। বিউ ওয়েবস্টার করেন ৩১। দলের ৩৫০ রানের মাথাতেই সাজঘরে ফেরেন স্মিথ ও ক্যারি। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ২৫৯ রান যোগ করেন। সেখান থেকে অস্ট্রেলিয়া ৪১৪ রানে অল আউট।
প্রভাত জয়সূর্য ৬টি মেডেন-সহ ৩৮ ওভারে ১৫১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তিনটি উইকেট পেয়েছেন নিশান পেইরিস। জবাবে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৬২.১ ওভারে ৮ উইকেটে ২১১। লিড মাত্র ৫৪ রানের।
অ্যাঞ্জেলো ম্য়াথুজ করেন ৭৬। কুশল মেন্ডিস ৫০ বলে ৪৮ রানে অপরাজিত আছেন। চারটি মেডেন-সহ ২০.১ ওভারে ৫২ রান দিয়ে চার উইকেট ম্যাথু কুহনেম্যানের। ৮০ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন নাথান লিয়ঁ। ১টি উইকেট পেয়েছেন বিউ ওয়েবস্টার। মিচেল স্টার্ক, কুহনেম্য়ান ও লিয়ঁ প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছিলেন।
স্টিভ স্মিথ কেরিয়ারের ৩৬তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ধরে ফেললেন রাহুল দ্রাবিড় ও জো রুটকে। এটি অধিনায়ক হিসেবে তাঁর ১৭তম টেস্ট শতরান। সামনে শুধু রিকি পন্টিং (১৯), বিরাট কোহলি (২০) ও গ্রেম স্মিথ (২৫)। এশিয়ায় স্মিথের সপ্তম টেস্ট শতরান। উপমহাদেশে যা অজি ব্যাটারদের মধ্যে সর্বাধিক।
অ্যালেক্স ক্যারির ১৫৬ উপমহাদেশে অস্ট্রেলিয়ার উইকেটকিপারদের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক। ২০০৪ সালে ক্যান্ডিতে শ্রীলঙ্কা ও ২০০৬ সালে ফতুল্লাহতে বাংলাদেশের বিরুদ্ধে অ্য়াডাম গিলক্রিস্ট খেলেছিলেন ১৪৪ রানের ইনিংস। ইয়ান হিলি, অ্যাডাম গিলক্রিস্ট, ব্র্যাড হ্যাডিনের পর চতুর্থ অজি কিপার হিসেবে টেস্টে দেড়শোর বেশি রান করলেন ক্যারি।












Click it and Unblock the Notifications