SL vs AUS: আসালঙ্কার শতরান, শ্রীলঙ্কার কাছে প্রথম ওডিআইয়ে মুখ থুবড়ে পড়ল স্মিথের অস্ট্রেলিয়া
SL vs AUS: শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। যদিও সাদা বলের দ্বৈরথের শুরুতেই মুখ থুবড়ে পড়ল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে নেমে পড়বে অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম ওডিআইতেই শ্রীলঙ্কার কাছে ৪৯ রানে পরাস্ত হলো অজিরা।

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ২ ম্য়াচের সিরিজের প্রথম ম্যাচে বুধবার শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৬ ওভারে শ্রীলঙ্কা ২১৪ রানে অল আউট হয়ে যায়। পাঁচে নেমে অধিনায়ক চরিথ আসালঙ্কা একাই করেন ১২৬ বলে ১২৭ রান। ১৪টি চার ও পাঁচটি ছয় মেরেছেন।
দুনিথ ওয়েল্লালাগে করেন ৩০, কুশল মেন্ডিস ১৯ এবং জানিথ লিয়ানাগে ১১ রানে আউট হন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। শন অ্যাবট তিনটি, স্পেনসার জনসন, অ্যারন হার্ডি ও নাথান এলিস ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন ম্যাথু শর্ট।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া পাবে না একঝাঁক তারকাকে। প্যাট কামিন্স, জশ হ্য়াজলউড, মিচেল স্টার্ক, মিচেল মার্শরা খেলবেন না। ফলে স্টিভ স্মিথদের কাজ যে সহজ হবে না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্রীলঙ্কা।
২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ৩৩.৫ ওভারে মাত্র ১৬৫ রানেই। অ্যালেক্স ক্যারি সর্বাধিক ৩৮ বলে ৪১ রান করলেন। অ্যারন হার্ডি করেন ৩২। স্টিভ স্মিথ ১২ রানে আউট হন। ম্যাথু শর্ট প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক করেন ২।
মাহিশ থিকশানা চারটি এবং আসিথা ফার্নান্দো ও দুনিথ ওয়েল্লালাগে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা ও চরিথ আসালঙ্কা। আসালঙ্কাই ম্যাচের সেরা। অজিরা অবশ্য এদিন পূর্ণশক্তির দল নামায়নি। ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েলরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। বুধবারের ম্যাচে তাঁরা খেলেননি। তবে মার্নাস লাবুশেনের ফর্ম চিন্তায় রাখবে। প্রথম ওডিআইয়ে করলেন মাত্র ১৫ রান।












Click it and Unblock the Notifications