SL vs AUS: নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতালেন, শ্রীলঙ্কার মাটিতে নতুন কীর্তি গড়লেন স্মিথ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাট হাতে দুরন্ত ছন্দে স্টিভ স্মিথ, এবার অধিনায়ক হিসাবেও নিজের দক্ষতা ফের একবার প্রমাণ করলেন স্মিথ। চোট এবং পারিবারিক কারণে শ্রীলঙ্কা সফরে আসতে পারেননি প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিলেন স্মিথ। অধিনায়ক স্মিথের নেতৃত্বে ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে জয় পেল অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। জয়ের জন্য চতুর্থ ইনিংসে অজিজের প্রয়োজন ছিল ৭৫ রান। এই রান ১ উইকেট হারিয়েই তুলে নিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ২-০ ফলে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এর আগে ২০১১ সালে শেষ বার শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল অজিরা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া তোলে ৪১৪ রান। দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

এই ম্যাচে নতুন এক কীর্তি গড়লেন স্মিথ। কুশল মেন্ডিসের ক্যাচ তালুবন্দি করার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ার প্রথম ফিল্ডার হিসেবে (উইকেটকিপার বাদে) টেস্টে ২০০ ক্যাচ ধরার রেকর্ড সৃষ্টি করলেন স্মিথ। উইকেটরক্ষক বাদ দিলে টেস্টে স্মিথের চেয়ে বেশি ক্যাচ ধরেছেন মাত্র তিন জন ক্রিকেটার। এই ক্রিকেটারদের মধ্যে আছেন জো রুট, ইংল্যান্ডের এই ক্রিকেটার এখনও পর্যন্ত ২০৭টি ক্যাচ ধরেছেন।
এর পাশাপাশি শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২০৫)। টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরার তালিকায় আছেন ভারতের রাহুল দ্রাবিড়। তাঁর ক্যাচের সংখ্যা ২১০টি। স্মিথ-রুট যে সেটা ছাড়িয়ে যাবেন তা নিশ্চিত। জয়াবর্ধনে এবং রাহুল দ্রাবিড়কেও ছাপিয়ে যাওয়ার সুযোগ আছে স্মিথের সামনে।
এই ম্যাচে শতরানও করেন স্মিথ। সেই শতরানের সৌজন্যে টেস্টের ইতিহাসে সর্বাধিক শতরানকারী ব্যাটারদের তালিকায় স্মিথ স্পর্শ করেছেন জো রুট ,রাহুল দ্রাবিড়কে। দুই কিংবদন্তি ব্যাটারই ৩৬টি করে টেস্টে শতরান করেছেন। এখন স্মিথে সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর (৫১), জ্যাক কালিস(৪৫), রিকি পন্টিং(৪১), কুমার সঙ্গকারা( ৩৮)।
এরআগে টেস্টে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন স্মিথ। পঞ্চম দ্রুততম ক্রিকেটার টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করেন স্মিথ। বিশ্বের ১৫তম এবং অস্ট্রেলিয়ার চার নম্বর ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন স্মিথ। অস্ট্রেলিয়ানদের মধ্যে এই তালিকায় তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং, অ্যালন বর্ডার এবং স্টিভ ওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্মিথের ফর্ম স্বস্তি দেবে অজিদের।












Click it and Unblock the Notifications