SL vs AUS: ভারতের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া, সবচেয়ে বড় পরাজয়ে গলে ধরাশায়ী শ্রীলঙ্কা
SL vs AUS: গল টেস্টে শোচনীয় পরাজয় শ্রীলঙ্কার। সবচেয়ে বড় ব্যবধানে। আজ টেস্টের চতুর্থ দিনেই ইনিংস ও ২৪২ রানে জয় ছিনিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
সেই সঙ্গে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ভেঙে দিল ভারতের রেকর্ড। প্রথম ইনিংসে একাধিক নজির গড়ে ৩৫২ বলে ২৩২ করা উসমান খোয়াজা ম্যাচের সেরার পুরস্কার জিতলেন।

টস জিতে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ৬৫৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টিতে খেলা ব্যাহত হয়। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ১৫ ওভারে ৩ উইকেটে ৪৪।
তৃতীয় দিনে বেশিরভাগ সময়ই খেলা হয়নি। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪২ ওভারে ৫ উইকেটে ১৩৬। আজ ৫২.২ ওভারে ১৬৫ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়। দীনেশ চণ্ডীমল সর্বাধিক ৭২ রান করেন।
ম্যাথু কুহনেম্য়ান পাঁচটি, নাথান লিয়ঁ তিনটি এবং মিচেল স্টার্ক ২টি উইকেট দখল করেন। ফলো অনে বাধ্য হয়ে ৫৪.৩ ওভারে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৪৭ রানে। জেফ্রি ভ্যান্ডারসে সর্বাধিক ৫৩ রান করেন। চণ্ডীমল ৩১, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪১, কামিন্দু মেন্ডিস ৩২, অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ৩৯ ও কুশল মেন্ডিস ৩৪ রান করেন।
দ্বিতীয় ইনিংসে চারটি করে উইকেট নেন কুহনেম্যান ও লিয়ঁ। একটি করে উইকেট নেন স্টার্ক ও টড মার্ফি। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু।
এদিন অজিরা ইনিংস ও ২৪২ রানে জিতল। এত বড় ব্যবধানে আগে হারেনি শ্রীলঙ্কা। ২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৩৯ রানে হারিয়েছিল ভারত। এতদিন অবধি টেস্টে সেটিই ছিল শ্রীলঙ্কার সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। ফলে ভারতকে এদিন টেক্কা দিল অজিরা।
২০০১ সালে কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা হেরেছিল ইনিংস ও ২২৯ রানে। ২০২৩ সালে পাকিস্তানের কাছে কলম্বোয় শ্রীলঙ্কা পরাস্ত হয়েছিল ইনিংস ও ২২২ রানে। ২০২২ সালে মোহালি টেস্টে ভারতের কাছে ইনিংস ও ২২২ রানেই হেরেছিল শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications