এশিয়া কাপে ভারতের নেতৃত্বে সূর্যকুমারই, সহ অধিনায়ক শুভমান, চমকহীন দল নির্বাচন
এশিয়া কাপের জন্য ভারতের দল বেছে নেওয়া হলো আজ। মুম্বইয়ে প্রবল বৃষ্টির কারণে বিসিসিআইয়ের সদর দফতরে দল নির্বাচনী বৈঠক কিছুটা দেরিতে শুরু হয়। এশিয়া কাপের দলে চমক নেই। সূর্যকুমার যাদবের স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল। তিনি ফিট, ব্যাটিং প্র্যাকটিসও শুরু করেছেন। সূর্যই এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক করা হয়েছে ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলকে।
এর আগেও শুভমান ভারতের টি০ দলে সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। গত বছর শ্রীলঙ্কায়। তবে টি২০ বিশ্বকাপের দলে তাঁর জায়গা হয়নি। পরবর্তীকালে অক্ষর প্যাটেল সূর্যর ডেপুটি ছিলেন। কিন্তু সূর্যর পর যে গিলই যে ভারতের টি২০ অধিনায়ক হবেন, নির্বাচকরা সেই ইঙ্গিত দিয়ে রাখলেন। শুভমান ভারতের হয়ে গত বছর জুলাইয়ে শেষবার টি২০ আন্তর্জাতিক খেলেছেন। আইপিএল ও ইংল্যান্ডে টেস্ট সিরিজে দারুণ ছন্দে থাকায় তাঁর টি২০ দলে প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত ছিল। মনে করা হচ্ছে, শুভমান মিডল অর্ডারেই খেলবেন।

অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনই ওপেন করবেন। দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রয়েছেন জিতেশ শর্মা। জসপ্রীত বুমরাহও এশিয়া কাপে খেলবেন। তবে ইংল্যান্ডে টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটশিকারী মহম্মদ সিরাজ এশিয়া কাপে ভারতের টি২০ দলে ফিরতে পারলেন না। দলে নেই বাংলার কোনও পেসারও। উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি বলেছিলেন মুকেশ কুমার কার্যকরী ভূমিকা পালন করতে পারেন এশিয়া কাপে। যদিও মুকেশ সুযোগ পাননি।
অক্ষর প্যাটেলের সঙ্গে স্পিনার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। পেসারদের মধ্যে জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা। সেই সঙ্গে হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে রয়েছেন। বি সাই সুদর্শন কিংবা যশস্বী জয়সওয়াল সুযোগ পাননি ভারতের টি২০ দলে। রিঙ্কু সিং সুযোগ পাবেন কিনা তা নিয়ে জল্পনা থাকলেও কেকেআরের এই তারকা এশিয়া কাপের দলে রয়েছেন। সুযোগ পেলেন না শ্রেয়স আইয়ার। তবু সবমিলিয়ে শক্তিশালী দল নিয়েই এশিয়া কাপ অভিযানে যাচ্ছে ভারত।
এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ দুবাইয়ে, সেপ্টেম্বরের ১০ তারিখ, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এরপর ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ভারত-পাকিস্তান দ্বৈরথ, সেটিও হবে দুবাইয়ে। ১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত। গ্রুপ পর্বের পর রয়েছে সুপার ফোর পর্ব। ভারত গ্রুপ এ-র ১ নম্বর দল হলে সব খেলা পড়বে দুবাইয়ে। গ্রুপে ভারত দ্বিতীয় স্থান অধিকার করলে সুপার ফোরের একটি ম্যাচ খেলতে হবে আবু ধাবিতে, বাকি ২টি দুবাইয়ে। ২০ থেকে ২৬ সেপ্টেম্বর চলবে সুপার ফোর পর্ব। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।
এশিয়া কাপে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং।












Click it and Unblock the Notifications