Shubman Gill: শুভমান গিল টেস্টে প্রত্যাশিত জায়গায় পৌঁছে যেতে বদ্ধপরিকর, রক্ষণে জোর দিয়েই বাজিমাত
Shubman Gill: রক্ষণে জোর দিয়েই টেস্ট ক্রিকেটে সাফল্য মিলেছে। দলীপ ট্রফিতে খেলতে নামার আগে আজ বেঙ্গালুরুতে এ কথা স্পষ্ট করলেন শুভমান গিল।
সেপ্টেম্বরের ১২ তারিখ চেন্নাইয়ে পৌঁছে যাবেন ভারতের টেস্ট দলের ক্রিকেটাররা। সেখানেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি শিবির চলবে ভারতীয় দলের।

শুভমান বাংলাদেশ সিরিজে টেস্ট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন বলে জল্পনা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছর টেস্ট সিরিজ শুরুর আগে গিলের ব্যাটিং গড় ছিল ৩০.৫৯। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টে তিনে নেমে ৯ ইনিংসে তিনি করেন ৪৫২ রান। দুটি শতরানও হাঁকান। ব্যাটিং গড় ছিল ৫৬.৫০।
কাল থেকে দলীপ ট্রফি শুরু হচ্ছে। ইংল্যান্ড সিরিজের পর এই প্রথম গিল নামছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। দলীপ ট্রফিতে ভারতীয় এ দলের অধিনায়ক গিলের কথায়, স্পিনারদের সামলানোর ক্ষেত্রে ব্যাটিংয়ের রক্ষণে বেশি জোর দিয়ে উপকৃত হয়েছি। কেন না, টার্নিং ট্র্যাকে স্পিনারদের খেলতে গিয়ে যদি ডিফেন্স নিয়ে আত্মবিশ্বাস কম থাকে, তাহলে সমস্যা দেখা দেয়।
শুভমানের কথায়, ঘূর্ণি উইকেটে শট খেলার চেয়েও বেশি বল সামলাতে হয় রক্ষণাত্মক ভঙ্গিমায়। পাটা পিচ না হলেও টি২০-সহ সাদা বলের ক্রিকেট বেশি হয় ব্যাটিং সহায়ক উইকেটে। সেখানে ব্যাটিংয়ের রক্ষণের বিষয়টি গৌণ হয়ে পড়ে। সে কারণেই ইংল্যান্ড সিরিজে ডিফেন্সের বিষয়ে সচেতন ছিলাম।
শুভমান বেশিরভাগ টেস্ট খেলেছেন ওপেনার হিসেবে। তবে বিশাখাপত্তনম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করার পর গিল জানিয়েছিলেন, তাঁকে তিনে নামতে বলেছে টিম ম্যানেজমেন্ট। শুভমানের বিশ্বাস, এখনও তিনি টেস্টে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।
শুভমান গিল বলেন, আমি এখনও নিজের প্রত্যাশার জায়গায় পৌঁছতে পারিনি। সামনে টানা ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। হয়তো এই টেস্টগুলির পর সেই জায়গায় পৌঁছতে পারব। ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ফলে ভারতীয় দলের লিডারশিপ গ্রুপের অন্যতম তিনি।
আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক গিল জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে ভারতকে নেতৃত্ব দেন। প্রথম ম্যাচে হারলেও শেষ অবধি শুভমানের নেতৃত্বাধীন ভারত সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। শুভমান বলেন, আমি অধিনায়ক, সহ অধিনায়ক যা-ই থাকি না কেন মূল লক্ষ্য থাকে রান করে দলকে জেতানো। যতটা সম্ভব অবদান রাখতে চাই। অধিনায়কত্ব করলে দলের সতীর্থদের অনেক বেশি ভালো করে চেনা বা জানা যায় বলে উপলব্ধি শুভমানের। সেই সঙ্গে পারফরম্যান্সের নিরিখেও সামনে থেকে নেতৃত্ব দেওয়া পছন্দ ভারতীয় দলের তারকার।












Click it and Unblock the Notifications