Indian Captain Gill: জিম্বাবোয়ে সফরে ভারতের নেতৃত্বে গিল, বিশ্রামে তারকারা, আইপিএলে নজরকাড়া অনেকেই দলে
Indian Captain Gill: জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্য়াচের টি২০ আন্তর্জাতিক সিরিজের দল ঘোষণা করা হলো। প্রত্যাশামতোই টি২০ বিশ্বকাপের তারকাদের বাইরে রাখা হলো।
শুভমান গিল অধিনায়কত্ব করবেন। আইপিএলে নজরকাড়া একঝাঁক ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। বাংলা থেকে আছেন শুধু মুকেশ কুমার।

১৫ জনের দলে চারজন ক্রিকেটার এই প্রথম ভারতীয় দলে ডাক পেলেন। তাঁরা হলেন- অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ ও তুষার দেশপাণ্ডে। টি২০ বিশ্বকাপের মূল দলে থাকা ক্রিকেটারদের মধ্যে মাত্র দুজন- যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন জিম্বাবোয়ে সফরের দলে রয়েছেন।
টি২০ বিশ্বকাপ শেষ হচ্ছে জুনের ২৯ তারিখ। তারপর সিংহভাগ ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা। শুভমানের সঙ্গেই টি২০ বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা আরও তিন ক্রিকেটার- রিঙ্কু সিং, আবেশ খান ও খলিল আহমেদ জিম্বাবোয়ের সফরের টি২০ সিরিজের দলে রয়েছেন।
মনে করা হচ্ছে, ভিভিএস লক্ষ্মণ হেড কোচ হিসেবে জিম্বাবোয়ে সফরে রওনা হবেন ১ জুলাই। গত বছর অগাস্টে ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিক অভিষেক হওয়া তিলক বর্মাকে জিম্বাবোয়ে সফরে রাখা হয়নি। তিনি ১৬টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। আইপিএলের আগে দেশের মাটিতে আফগানিস্তান সিরিজের দলে ছিলেন। চলতি বছরের আইপিএলে ১৪৯.৬৪ স্ট্রাইক রেটে তিনি ৪১৬ রান করেছিলেন।
সানরাইজার্স হায়য়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে বিস্ফোরক ব্যাটিং করে ২০৪.২১ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করেন অভিষেক শর্মা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৪২টি ছক্কা হাঁকান। পাঞ্জাবের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি২০-তে গত নভেম্বরে অভিষেক ১৯২.৪৬ স্ট্রাইক রেটে ৪৮৫ রান করেন। সেই অভিষেককে এবার সুযোগ দেওয়া হলো ভারতীয় দলে।
কেরিয়ারের ষষ্ঠ আইপিএলে সেরা ছন্দে থাকার পুরস্কার পেলেন রিয়ান পরাগ। তিনি এবারের আইপিএলে চারে নেমে ১৪টির মধ্যে সাতটি ইনিংসেই ৪০ বা তার বেশি রান করেছেন। শুধু বিরাট কোহলিই ৯ বার ৪০ বা তার বেশি রান করেন। এবারের আইপিএলে ১৬ ইনিংসে ৫৭৩ রান করে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন রিয়ান।
সানরাইজার্সের সিম-বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির উপর আস্থা রাখলেন নির্বাচকরা। তিনি ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করার পাশাপাশি ১৩.১ ওভার হাত ঘুরিয়ে তিনটি উইকেট নেন। গত বছর বিসিসিআইয়ের তরুণ ক্রিকেটারদের টার্গেট গ্রুপে অভিষেক, রিয়ানের মতো নীতীশও ছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক ১৭ উইকেট নেওয়া তুষার দেশপাণ্ডেও ডাক পেলেন ভারতীয় দলে। তুষারের ইকনমি ছিল ৮.৮৩।
জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল- শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।












Click it and Unblock the Notifications