শতরানে সচিন ও বিরাটের কীর্তি স্পর্শ শুভমানের, গিল এখন ব্র্যাডম্যানের পরেই, দিল্লি টেস্টে রানের পাহাড়ে ভারত
দিল্লি টেস্টে রানের পাহাড় ভারতের। আজ দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে ভারত ৫ উইকেটে ৫১৮ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল।
রান আউট হওয়ায় দ্বিশতরান হাতছাড়া হয় যশস্বী জয়সওয়ালের। তবে এদিন শতরান পেলেন শুভমান গিল।

শুভমান শতরানে পৌঁছন ১৭৭ বল খেলে। সেই সময় অবধি ১৩টি চার ও একটি ছয় মেরেছিলেন। আমেদাবাদ টেস্টে গিল ৫০ রান করেছিলেন। আজ তিনি ৯৫ বল খেলে অর্ধশতরান পূর্ণ করেন। তারপর পেয়ে গেলেন কাঙ্ক্ষিত শতরান। শুভমান অপরাজিত থাকলেন ১৯৬ বলে ১২৯ রান করে। মেরেছেন ১৬টি চার ও ২টি ছয়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলছেন গিল। প্রথমবার পেলেন শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬টি, বাংলাদেশের বিরুদ্ধে ২টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি শতরান রয়েছে শুভমানের। এদিনের শতরানে বিরাট কোহলির কীর্তিও স্পর্শ করে ফেললেন তিনি।
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ২০১৭ ও ২০১৮ সালে পাঁচটি করে টেস্ট শতরান করেছিলেন। শুভমান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সেঞ্চুরি পেলে বিরাটের সেই কীর্তিটিও ছুঁয়ে ফেলবেন। তবে এদিন তিনি সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির সঙ্গে নিজের নামটা জুড়ে ফেললেন।
১৯৯৭ সালে ভারতের টেস্ট অধিনায়ক থাকাকালীন সচিন তেন্ডুলকরের ব্যাটে এসেছিল চারটি টেস্ট শতরান। ২০১৬ সালে বিরাট কোহলি চারটি টেস্ট শতরান হাঁকান ভারত অধিনায়ক হিসেবে। ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট অধিনায়ক হন শুভমান গিল। টেস্ট অধিনায়ক হিসেবে চলতি বছর চারটি টেস্ট শতরান হাঁকানোর ঈর্ষণীয় নজির ছুঁলেন তিনি।
টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ব্যাটিং গড় রাখার রেকর্ডটি রয়েছে ডন ব্র্যাডম্যানের দখলে। ২৪টি টেস্টে ৩৮ ইনিংসে সাতবার অপরাজিত থেকে তিনি ৩১৪৭ রান করেছিলেন, গড় ১০১.৫১। এতদিন অবধি ব্র্যাডম্যানের পরেই ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা। তাঁর ১৫টি টেস্টে ব্যাটিং গড় ছিল ৬৯.৬০। সঙ্গকারাকে টপকে ব্র্যাডম্যানের পরেই চলে এলেন শুভমান গিল। এখনও অবধি সাতটি টেস্টে ১২ ইনিংসে গিলের ব্যাটিং গড় ৮৪.৩৬।
যশস্বী জয়সওয়াল ২৫৮ বলে ১৭৫ রান করে রান আউট হন শুভমানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। তাঁর ইনিংসে রয়েছে ২২টি চার। নীতীশ কুমার রেড্ডি ৫৪ বলে ৪৩ রান করেন। ধ্রুব জুরেল করেন ৭৯ বলে ৪৪। তিনি আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন গিল। জোমেল ওয়ারিকান তিনটি ও রস্টন চেজ একটি উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications