IPL 2024: বিশ্বকাপের দল নির্বাচনে মন নেই গিলের, গুজরাত অধিনায়কের ফোকাসে শুধুই আইপিএল
আইপিএলের মধ্যেই চর্চায় টি২০ বিশ্বকাপ। চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই দিল্লিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় নির্বাচক কমিটির সদস্যরা। দিল্লিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। রবিবার ২৮ এপ্রিল অথবা সোমবার ২৯ এপ্রিল, ভারত অধিনায়কের সঙ্গে দল নির্বাচন নিয়ে চূড়ান্ত বৈঠক সেরে ফেলবেন নির্বাচকরা।
প্রাক্তনরা তাঁদের পছন্দের টিম দিচ্ছেন। কেউ কেউ একেবারে হিসেবের বাইরে গিয়ে এমন দল সাজাচ্ছেন, যা বেশ চমকে দেওয়ার মতো। বিরাট কোহলি কি ভারতের বিশ্বকাপ টিম থেকে বাদ পড়তে চলেছেন? রিঙ্কু সিং কি সুযোগ পাবেন না? এই নিয়ে নানা মুণির নানা মত। এরইমধ্যে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে বিরাট মন্তব্য করলেন শুভমান গিল।

বিশ্বকাপের দল ঘোষণা হবে আগামী কয়েকদিনের মধ্যেই, কিন্তু গিলের ফোকাসে শুধুই আইপিএল। একটি সাক্ষাৎকারে গিল, ''দেশের হয়ে খেলা সব থেকে বড়। কিন্তু এখন টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করলে গুজরাত টাইটান্সের প্রতি অবিচার হবে। নিজের প্রতিও সুবিচার করতে পারব না। কারণ এই মুহূর্তে গুজরাতই আমার দল। আমি গুজরাত এবং আইপিএলেই ফোকাস করতে চাই।''
বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে গুজরাত অধিনায়কের বক্তব্য, ''আমাকে টি২০ বিশ্বকাপের দলে নির্বাচিত করা হলে হবে। এখন আমার লক্ষ্য আইপিএল। এখন সব চিন্তা নিজের দলকে ঘিরে। কী ভাবে আমার দলের (গুজরাত) সেরা পারফরম্যান্স তুলে করা যায়। দলের জন্য সেরা পারফর্ম করাও আমার লক্ষ্য। সতীর্থদের সব রকম ভাবে সাহায্য করতে চাই। একান্তই বিশ্বকাপের দলে সুযোগ না পেলে বাড়িতে বসেই সতীর্থদের উৎসাহিত করার চেষ্টা করব।''
২০১১ সালের পর আর বিশ্বকাপের স্বপ্নপূরণ হয়নি ভারতের। ২০১৩ সালের পর থেকে আইসিসির টুর্নামেন্টে টানা হার। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল টিম। খেতাব আসেনি। তার আগে দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও গিয়েছিল ভারতীয় দল। কাপ জেতা হয়নি। ১১ বছর পর কি আইসিসি ট্রফির খোঁজ দিতে পারেন রোহিত শর্মা?
চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।












Click it and Unblock the Notifications