শুভমান আইসিসির বিচারে জুলাইয়ের সেরা, প্রথম ক্রিকেটার হিসেবেও নজির গিলের
আইসিসির বিচারে জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল। তাঁর নেতৃত্বে ভারত ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ ২-২ রেখে ফিরেছে। সর্বাধিক রান সংগ্রহকারী গিল ভারতীয় দলের থেকে সিরিজ সেরাও হন। এবার তাঁর মুকুটে যোগ হলো নয়া পালক।
জুলাই মাসে ভারত তিনটি টেস্ট খেলেছিল। তাতে ৯৪.৫০ গড় রেখে ৫৬৭ রান করেন গিল। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল ৪৩০ রান। দুই ইনিংসে যথাক্রমে ২৬৯ ও ১৬১ রান করেছিলেন, যার ফলে সিরিজ ১-১ করেছিল ভারত। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে মূল্যবান ১০৩ রানের ইনিংস খেলেন গিল। পুরুষদের মধ্যে তিনিই প্রথম ক্রিকেটার যিনি চারবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার করায়ত্ত করলেন। এর আগে, ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও এই পুরস্কার জিতেছিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক।

জুলাই মাসে সেরা হওয়ার দৌড়ে গিল পিছনে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই নিজের পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি, তা তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই অভিহিত করেন শুভমান। তিনি বলেন, বার্মিংহামের দ্বিশতরান আমি আজীবন উপভোগ করব। ইংল্যান্ড সফরে এটি আমার কাছে অন্যতম উল্লেখযোগ্য একটি বিষয়। ইংল্যান্ডের এই সফর থেকে অধিনায়ক হিসেবেও অনেক কিছু শিখেছি। দুই দল এই সিরিজে অসাধারণ ক্রিকেট খেলেছে। দুই দলের ক্রিকেটাররা এই সিরিজকে দীর্ঘদিন মনে রাখবেন। নিজের ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও দেশকে সাফল্য এনে দিতে বদ্ধপরিকর শুভমান। মহিলাদের বিভাগে জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সোফিয়া ডাঙ্কলে।












Click it and Unblock the Notifications